অনূর্ধ্ব-১৬ ক্রিকেট সিরিজ
স্পোর্টস রিপোর্টার
ঘূর্ণিঝড় ফণীর কারণে সারাদেশেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ফণীর প্রভাবে চলমান বৈরী আবহাওয়ায় বাংলাদেশ-পাকিস্তান অনূর্ধ্ব-১৬ সিরিজের সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। দুই দলই এখন খুলনায় অবস্থান করছে। আগের সূচি অনুযায়ী আজ থেকে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হওয়ার কথা ছিল দুই দলের দ্বিতীয় তিনদিনের ম্যাচ। নতুন সূচিতে একই ভেন্যুতে আগামীকাল শুরু হবে ম্যাচটি।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, আগামীকাল ৬ মে শুরু হবে দ্বিতীয় তিন দিনের ম্যাচ। খুলনায় ১১, ১৩ ও ১৫ যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ওয়ানডেতে পরস্পরের বিরুদ্ধে লড়বে বাংলাদেশ-পাকিস্তানের কিশোররা। আগের সূচিতে প্রথম ও দ্বিতীয় ওয়ানডে ছিল ১০ ও ১২ মে। সিরিজ শেষে আগামী ১৬ মে বাংলাদেশ ত্যাগ করবে পাকিস্তান দল।
উল্লেখ্য, ফতুল্লায় প্রথম চারদিনের ম্যাচে সফরকারী পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল।