চৌদ্দগ্রামে স্কুলে আগুন
দিয়েছে দুর্বৃত্তরা
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ০১ মার্চ ২০১৩, ২১:১৮
কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে ‘রেনেসাঁ মডেল একাডেমী’ নামের একটি স্কুল। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় মুন্সিরহাট বাজারে ঘটনাটি ঘটে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে স্কুল কর্তৃপক্ষ দাবি করেছেন।
স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান নূরুল আমিন জানান, কয়েকজন দুর্বৃত্ত পেট্রোল ঢেলে স্কুলে আগুন লাগিয়ে দেয়। আগুনে স্কুলের চেয়ার, টেবিল, বই, বৈদ্যুতিক পাখা ও সাইকেলসহ মূল্যবান সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
অপরদিকে বাতিসা বৈদ্দের বাজারে রাত দশটায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে আনোয়ার হোসেনের মালিকানাধীন ‘পিংকি মাইক এন্ড ইলেকট্রনিক্স’ দোকানের মালামাল পুড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।