টেকনাফে ভাতিজার
ছুরিকাঘাতে চাচার
মৃত্যু, আটক ৩
টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ০১ মার্চ ২০১৩, ২১:১৯
টেকনাফে ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৫ জন। ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টায় টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়ায় এলাকায় মৃত মো. হোসেনের ছেলে রমজান আলী (৭২) ও হাকিম আলীর (৭০) মধ্যে ইঞ্জিন চালিত নৌকাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়।
এ খবর পেয়ে হাকিম আলীর পুত্ররা রমজান আলীকে মারতে আসে। একপর্যায়ে হাকিম আলীর ছেলে মোঃ হোসেন মনু চাচা রমজান আলীকে ছুরিকাঘাত করে। এতে রমজান মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার রমজানকে মৃত ঘোষণা করেন।
এদিকে ছুরিকাঘাতে পিতার মৃত্যুর খবরে পুত্ররা বাড়ি থেকে এগিয়ে আসলে হাকিম আলীর ছেলেদের সাথে তাদের সংঘর্ষ বাধে। সংঘর্ষে রমজান আলীর ছেলে মোঃ মিয়া (২৩) একই এলাকার নূর মোহাম্মদ (৪০), নূর আহাম্মদ (৩০) ও হাকিম আলীর ছেলে সৈয়দ হোসেনসহ (২৫) ৫ জন আহত হয়। গুরুতর আহত মোঃ মিয়াকে উন্নত চিকিত্সার জন্য কক্সবাজারে প্রেরণ করা হয়। সংঘর্ষের খবর পেয়ে টেকনাফ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ হাকিম আলীর দুই পুত্র মোঃ সালাম (৩৫), সৈয়দ হোসেন (২৫) ও বাহারছড়া জাহাজপুরার মোঃ সানোয়ারকে (২৫) আটক করে। নিহত রমজান আলীর লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করেছে পুলিশ।