সাম্প্রদায়িক উন্মাদনা সৃষ্টি করে যুদ্ধাপরাধ বিচার ঠেকানো যাবে না

দপ্তরবিহীন মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি জামায়াত-শিবিরকে জঙ্গি আখ্যায়িত করে বলেছেন, সামপ্রদায়িক উন্মাদনা সৃষ্টি করে ভয়ভীতি দেখিয়ে যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানো যাবে না। ধর্মকে ব্যবহার করে জামায়াত-শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ওরা জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেলে। বিচার পক্ষে গেলে ওরা সন্তুষ্ট। আর বিপক্ষে গেলে সৃষ্টি করে নৈরাজ্য। গতকাল শুক্রবার শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রয়াত চলচ্চিত্রকার ও আওয়ামী লীগ নেতা আলমগীর কুমকুমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার জামায়াতের তান্ডবের সাথে বিএনপি সম্পৃক্ত ছিল। তারা দেশকে অস্থিতিশীল ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। তিনি বলেন, জামায়াত-শিবিরের তান্ডবের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ওদের প্রতিহত করতে হবে। মসজিদের জায়নামাজ পুড়িয়ে জামায়াত -শিবির ধর্মকে অবমাননা করেছে। ধর্মের নামে ওরা মসজিদকে ঢাল হিসাবে ব্যবহার করছে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি অভিনেত্রী তারানা হালিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা বলরাম পোদ্দার, অভিনেতা এটিএম শামসুজ্জামান, ড. এনামুল হক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, কবি রবীন্দ্র গোপ, মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক মঞ্চের সহ সভাপতি শেখ নওশের আলী, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন পাঠান, শাহজামাল তোতা, পারুল আক্তার লোপা প্রমুখ।