১ লাখ ৪১ হাজার ৪৬৭ জন জেলের তথ্য সংগ্রহ
প্রকাশ : ০১ মার্চ ২০১৩, ২১:৩৫
মত্স্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেছেন, জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পের আওতায় ২০ উপজেলায় ১ লাখ ৪১ হাজার ৪৬৭ জন প্রকৃত জেলের তথ্য সংগ্রহ করা হয়েছে। ফরমকৃত জেলেদের তালিকা চূড়ান্ত অনুমোদনের কাজ চলছে। তিনি বৃহস্পতিবার সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের ফজিলাতুননেসার প্রশ্নের জবাবে একথা বলেন।
মত্স্য মন্ত্রী বলেন, কিশোরগঞ্জ জেলা সদর ও মিঠামইন এবং বরগুনা জেলার পাথরঘাটা এবং লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা জেলেদের নিবন্ধন কার্যক্রম এ বছরই বাস্তবায়ন করা হবে। পর্যায়ক্রমে সকল জেলায় এ কার্যক্রম চলবে।
সরকারি দলের আবদুর রহমান বদির অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জেলেদের নিকট আপদকালীন সহায়তা পৌঁছানো এবং জেলেদের অধিকার প্রতিষ্ঠাসহ সরকারি প্রণোদনা ও সহায়তা প্রদান সহজতর করার লক্ষ্যে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম অবহেলিত জেলে সম্প্রদায়ের উন্নয়নে প্রকৃত জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদানের যুগান্তকারী পদক্ষেপ হাতে নেয়া হয়েছে।