সাম্প্রদায়িক হামলার তথ্য-উপাত্ত সংগ্রহে সমন্বয় কেন্দ্র প্রতিষ্ঠা

সামপ্রদায়িক শক্তির হামলার ঘটনায় তথ্য-উপাত্ত সংগ্রহ ও তাত্ক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয়ভাবে একটি সমন্বয় কেন্দ্র (মনিটরিং সেল) প্রতিষ্ঠা করা হয়েছে। শুক্রবার সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের এক জরুরি সভায় এ সমন্বয় কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। সভায় সারাদেশে সামপ্রদায়িক শক্তির হামলা, তান্ডব, হত্যা ও লুটপাটের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং অবিলম্বে সম্মিলিত ভাবে প্রতিরোধ গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয়। এদিকে গতকাল বিকেলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ ও ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জী বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জসহ অন্যান্য গ্রামে সামপ্রদায়িক হামলার শিকার সংখ্যালঘুদের বাড়ি-ঘর ও দুটি মন্দির পরিদর্শন করেন। সভায় বক্তারা বলেন, জনগণকে বিভ্রান্ত করতে যুদ্ধাপরাধীদের বিচারের মতো জাতীয় বিষয়কে সামপ্রদায়িক রূপ দিয়ে একাত্তর, নব্বই, বিরানব্বই ও ২০০১ সালের মতো ধর্মীয় সংখ্যালঘুদের ওপর ব্যাপকভাবে হামলা শুরু হয়েছে। সভায় সারাদেশের এই হামলার প্রতিবাদে আজ শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করার ঘোষণা দিয়েছে। একই ভাবে সভা থেকে প্রতিটি জেলার সমন্বয় কেন্দ্র প্রতিষ্ঠা ও ঘটনাস্থল পরিদর্শন করে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে জেলা মনিটরিং সেলকে নির্দেশ দেয়া হয়েছে।