স্বরাষ্ট্র ও তথ্যমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার দাবি

গণমাধ্যম ও সাংবাদিকদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিষেদগারে ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ এবং জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক। গতকাল এক যৌথ বিবৃতিতে বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব শওকত মাহমুদ, ডিউজের একাংশের সভাপতি আবদুস শহীদ ও সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন এবং জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ বলেন, বুধবার মন্ত্রণালয়ে তথ্য মন্ত্রী দৈনিক আমার দেশ, নয়াদিগন্ত ও সংগ্রাম পত্রিকা এবং এর সাংবাদিকরা জঙ্গি বলে কটূক্তি করেছেন। তথ্য মন্ত্রীর এ মন্তব্য গণমাধ্যমের বিকাশের পরিবর্তে কণ্ঠরোধেরই নামান্তর। তথ্যমন্ত্রীর এ মন্তব্যকে আমরা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি বলেই মনে করি। বিবৃতিতে এই দুই মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের আহবান জানানো হয়।