মালিবাগে জামায়াত
শিবিরের সাথে
পুলিশের সংঘর্ষ
প্রকাশ : ০১ মার্চ ২০১৩, ২২:৩৬
রাজধানীর মালিবাগে গতকাল জুমার নামাজের পর জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। জামায়াত-শিবির কর্মীরা ১০/১৫টি যানবাহন ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছোঁড়ে। হতাহতের ঘটনা ঘটেনি।
রমনা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মালিবাগ শহীদী জামে মসজিদ থেকে জুমার নামাজের পর জামায়াত-শিবিরের কর্মীরা মিছিল করার চেষ্টা করে। মসজিদের সামনে দায়িত্বরত পুলিশ তাদের বাধা দিলে মিছিলকারীরা রাস্তায় গাড়ি ভাংচুর শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছোঁড়ে। মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ করলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। শিবির কর্মীরা রাস্তায় আরো গাড়ি ভাংচুর করে। তাদের ছোঁড়া ইটের আঘাতে আশেপাশের কয়েকটি দোকানের সাইনবোর্ড ও বিলবোর্ড ক্ষতিগ্রস্ত হয়। প্রায় এক ঘণ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সংঘর্ষশেষে মালিবাগ রেলগেট এলাকায় মিছিলকারীদের গ্রেফতারে পুলিশ তল্লাশি চালায়। রমনা থানার ওসি শাহ আলম জানান, ঘটনাস্থল থেকে কাউকে আটক করা হয়নি।