গণজাগরণ মঞ্চের শিল্পীকে হুমকি দেয়ায় সাতক্ষীরায় আটক এক

রাজধানীর শাহবাগের ও সাতক্ষীরায় গণজাগরণ মঞ্চের শিল্পীকে হুমকি দেয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ফেসবুকে হুমকিদাতা ওই ব্যক্তির নাম জাকির হোসেন (৩২)। তিনি শহরের চালতেতলা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। গতকাল শুক্রবার সকালে পুলিশ তাকে সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল অ্যান্ড কলেজ থেকে আটক করে। ওই স্কুল অ্যান্ড কলেজে কম্পিউটার বিভাগের ল্যাব সহকারী হিসাবে চাকরি করতেন তিনি। সাতক্ষীরা সদর থানার ওসি গাজী মো: ইব্রাহীম জানান, সম্প্রতি জাকির হোসেন সাতক্ষীরা ও ঢাকার শাহবাগের গণজাগরণ মঞ্চের সঙ্গীত শিল্পী আবু আফফান রোজ বাবুকে ফেসবুকে হত্যার হুমকি দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের কাছে হুমকি দেয়ার কথা স্বীকার করেছেন। আবু আফফান রোজ বাবু জানান, তাকে ফেসবুকে জঙ্গি নেতা জাকির হুমকি দিলে তিনি সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।