পারভেজ মোশাররফ পাকিস্তানে ফিরছেন
প্রকাশ : ০১ মার্চ ২০১৩, ২২:৩৯
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল (অব.) পারভেজ মোশাররফ দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার গঠনের এক সপ্তাহের মধ্যে তিনি দেশে ফিরবেন। খবর ডন-এর
গতকাল শুক্রবার দুবাইয়ে এক সংবাদ সম্মেলনে সাবেক প্রেসিডেন্ট বলেন, আমি জানি, দেশে ফেরাটা আমার জন্য গুরুত্বপূর্ণ এবং আমি আমার দেশকে ভালবাসি। ২০০৬ সালে আকবর বুখতির মৃত্যু এবং ২০০৭ সালে এক সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নিহত হওয়ার মামলায় সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে। তিনি বলেন, আমার বিরুদ্ধে মামলা থাকায় সেখানে যাওয়াটা বিপজ্জনক। কিন্তু বিপদের ভয়টা আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। ২০০৮ সালে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর তিনি স্বেচ্ছা নির্বাসনে যান। গতবছরও তিনি পাকিস্তানে ফেরার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু নিরাপত্তার কারণে তিনি সেটি স্থগিত করেন। আগামী ১৬ মার্চ দেশটিতে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে পারে।