এক কেজি পটলে চার কেজি পেঁয়াজ!

সুজানগর (পাবনা) সংবাদদাতা

সুজানগরের হাটবাজারে পটলের দাম অস্বাভাবিক বেড়েছে। রমজান মাস আসার আগেই উপজেলার প্রতিটি হাটবাজারে প্রতি কেজি পটল ৬০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে উপজেলার হাটবাজারে প্রতি কেজি পিঁয়াজ বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা দরে। এ হিসাবে চার থেকে পাঁচ কেজি পিঁয়াজ বিক্রি করে এক কেজি পটল কিনতে হচ্ছে।

উপজেলার মানিকহাট গ্রামের পিঁয়াজ চাষি মোজাহার আলী মোল্লা বলেন, এ বছর ১০ বিঘা জমিতে পিঁয়াজ আবাদ করেছিলাম। ফলনও হয়েছিল বেশ ভালো। কিন্তু হাটবাজারে পিঁয়াজের একদম দাম নেই। বরং পিঁয়াজের চেয়ে পটলের দাম অনেক বেশি। বর্তমান বাজার মূল্যে চার থেকে পাঁচ কেজি পিঁয়াজ বিক্রি করে এক কেজি পটল কিনতে হচ্ছে। পিঁয়াজের দাম নিয়ে তারা হতাশ বলে জানান।