বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৯
প্রকাশ : ০১ মার্চ ২০১৩, ২২:৪১
শুক্রবার রাজবাড়ীতে ট্রাক চাপায় ৪ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া একই দিন দেশের অন্যান্য স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় আরও ৫ জন নিহত হয়েছেন। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের।
রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে গতকাল ভোরে ট্রাক চাপায় চার মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন নজরুল (২২), আল আমিন (২৪), সাইদুল (১৯) ও মোঃ শফিকুল (২২)। এদের বাড়ি পাংশা উপজেলার কলিমহর এলাকায়। উল্লেখিতরা একটি মোটর সাইকেলে দৌলতদিয়া থেকে পাংশায় যাচ্ছিলেন। পথে খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় পিছন থেকে একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলে নজরুল, আল আমিন ও সাইদুল নিহত হন। গুরুতর অবস্থায় শফিকুলকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান।
ব্রাহ্মণবাড়িয়াঃ গতকাল শুক্রবার কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বাজারে উঠে পড়লে ২ জন নিহত এবং অপর ১০জন আহত হয়েছেন। নিহতরা হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরের ফায়েজুর রহমান (৫০) ও এরশাদ মিয়া (৪০)। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদর মধ্যে ফাহিম নামক ৫ বছরের শিশুর অবস্থা আশংকাজনক ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সুলতানপুর চৌমুহনী বাজারে উঠে যায়। এসময় একটি সিএনজি চালিত অটোরিকশা একটি রিকশাকে দুমড়ে মুচড়ে ফেলে। দুর্ঘটনায় ঘটনাস্থলে ১ জন নিহত হন। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়া হলে চিকিত্সক ১ জনকে মৃত ঘোষণা করেন। সদর থানার ওসি মোঃ আবদুর রব জানান, বাসটিকে আটক করা হয়েছে, চালক পলাতক।
মেলান্দহ (জামালপুর)ঃ জামালপুরের মেলান্দহে ট্রাক চাপায় শিশু নিহতের ঘটনায় রাস্তা অবরোধ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। শুক্রবার দুপুরে শিশু নিহতের ঘটনাটি ঘটে ঢাকা দেওয়ানগঞ্জ বিশ্বরোডের মেলান্দহ উপজেলার মেঘারবাড়ি গ্রামে। এলাকাবাসী জানায়, ইসলামপুর থেকে ছেড়ে আসা ট্রাক মেলান্দহ উপজেলার মেঘারবাড়ি এলাকায় ঠান্ডু মিয়ার শিশু পুত্র ওবায়দুল্লাহকে (৮) চাপা দিলে ঘটনাস্থলে সে নিহত হয়। পুলিশ ট্রাকসহ ড্রাইভারকে আটক করেছে। সন্ধ্যা ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকাবাসী বিশ্বরোড অবরোধ করে রাখে। এতে যান চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মেঘারবাড়ি বিশ্বরোডে পুলিশ মোতায়েন করা হয়।
শেরপুরঃ শুক্রবার দুপুরে শেরপুর-জামালপুর সড়কের কুসুমহাটিতে মোটর সাইকেল দুর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত হয়। পুলিশ সূত্র জানায়, শেরপুর টাউনে আসার পথে ১টি মোটর সাইকেলের সঙ্গে জামালপুরগামী বিজিবি’র পিকআপ ভ্যানের সংঘর্ষ ঘটলে মোটর সাইকেলের ৩ আরোহীর মধ্য জসিম (৩০) নামে একজন নিহত এবং ফরহাদ ও জোবায়েদুল হক নামে দুইজন আহত হন। বিজিবি’র পিকআপ ভ্যানের ১টি চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
টাঙ্গাইলঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নগরবাড়িতে গতকাল শুক্রবার বিকালে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহতের নাম ওসিরন বেগম (৮০)। তিনি স্থানীয় তারাবাড়ি গ্রামের মৃত আব্দুল কদ্দুসের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে তিনটার দিকে ঢাকা-ভূঞাপুর সড়কের ঐ স্থানে ওসিরন বেগম রাস্তা পার হচ্ছিলেন। এসময় ভূঞাপুর থেকে এলেঙ্গাগামী সিএনজিচালিত অটো রিকশার চাপায় ঘটনাস্থলে তিনি নিহত হন।
মঠবাড়িয়াঃ মঠবাড়িয়া-সাপলেজা সড়কের সোনাখালী ওয়াহেদ দরবেশের মাজারের কাছে শুক্রবার সকালে টেম্পোর সাথে বিপরীতগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের যাত্রী টিপু (৩২) ও শিপন (৩০) মারাত্নক আহত হয়েছে। আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।