মিরপুর-বনানী ফ্লাইওভারের কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হচ্ছে
প্রকাশ : ০১ মার্চ ২০১৩, ২২:৪৪
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্ধারিত সময়ের তিন মাস আগে মিরপুর-বনানী ফ্লাইওভারের কাজ শেষ হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৭ মার্চ মিরপুর-বনানী ফ্লাইওভারটি উদ্বোধন করবেন। এ প্রকল্পের ফলে ঢাকা শহরের নান্দনিক সৌন্দর্যও বৃদ্ধি পাবে। ফ্লাইওভারটি পরিদর্শনের পর গতকাল শুক্রবার সকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান। সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশনের অধীনে ১৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন এ প্রকল্প বাস্তবায়ন করছে।
যোগাযোগমন্ত্রী জানান, এ প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকা মহানগরীতে যানজট হ্রাস পাবে এবং বৃহত্তর মিরপুরবাসী ঢাকা সেনানিবাসের মধ্যদিয়ে বাধাহীনভাবে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে বিমানবন্দরে পৌঁছাতে পারবে। উল্লেখ্য, ৩৬০ কোটি ১৬ লক্ষ টাকা ব্যয়ে এ প্রকল্পের আওতায় ১৭৯৩ মিটার ফ্লাইওভার, ৮০৪ মিটার ওভারপাস ও ৫৬১ মিটার লিংক ব্রিজ নির্মিত হচ্ছে। ইতিমধ্যে ৮০৪ মিটার বনানী ওভারপাস প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। প্রকল্পটি শেষ হওয়ার মেয়াদ মার্চ ২০১০ হতে জুন ২০১৩।
ফ্লাইওভার পরিদর্শনকালে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল হাবিবুর রহমান, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ মো. মাসুদ, সড়ক ও জনপথ অধিদপ্তর ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. হাবিবুল হক, প্রকল্পের কনসালট্যান্ট প্রকৌশলী ড. আজাদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।