গল্প নয় সত্যি

কলম নিজেই যখন শিক্ষক!

দু’কলম ইংরেজি লিখতে গিয়ে এক আধটা বানান বা ব্যকরণের ভুল হয় বহু মানুষেরই। বিশেষ করে প্রযুক্তিনির্ভর এই যুগে অনেক তরুণই যে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের স্পেল চেকারের উপর নির্ভরশীল সেটা এর আগেও একটি গবেষণায় জানা গিয়েছিল। কিন্তু প্রযুক্তির উত্কর্ষের এই যুগেও কাগজ কলমের প্রয়োজনীয়তা যে ফুরিয়ে যায়নি সে কথাতো বলাই বাহুল্য। আর তাই কাগজে কোনো কিছু লিখতে গিয়ে গ্রামার বা বানানের ভুলের কারণে অনেককেই গলদঘর্ম হতে হয়। মজার বিষয় হলো, এবার কাগজে লেখার সময় বানান ভুল করার এই সমস্যা দূর করতেও নতুন এক কলম আবিষ্কার করে ফেলেছেন বিজ্ঞানীরা। এই কলমের সাহায্যে এখন অনায়াসেই কাগজের উপর লেখা কোনো বাক্যের বা শব্দের ভুল সম্পর্কে জেনে নেওয়া যাবে। সেই সাথে আপনার হাতের লেখা আদৌ পাঠযোগ্য হচ্ছে কি না সেটি বিবেচনা করার শক্তিও থাকছে আধুনিক দিনের এই কলমের। যদিও এখনো বাজারে আসার অপেক্ষায় থাকা এই কলমটি এর ব্যবহারকারীকে সঠিক বানান বা বাক্যের সঠিক গঠন ঠিক কীভাবে জানিয়ে দেবে সে সম্পর্কে নিশ্চিত করে কিছু জানায়নি নির্মাতা প্রতিষ্ঠান জার্মানির লার্নস্টিফট। যদিও অনেকেই মনে করছেন, এভাবে সঠিক বানানটি দেখিয়ে না দিলেও নিজেদের ভুল থেকেই সঠিক বানান শেখা সম্ভব হবে এই কলম-শিক্ষকের কাছ থেকে। লার্নস্টিফট জানিয়েছে, লেখার সময় কোনো শব্দের বানান ভুল হলে বা বাক্যে ব্যাকরণগত কোনো ভুল থাকলে কলমটি ভাইব্রেশন সংকেতের সাহায্যে সেটি জানান দেবে। তবে এটি তখনই হবে যখন লেখাগুলো পড়ার মতো অবস্থায় থাকবে। এক্ষেত্রে লেখাগুলো পড়তে বা বুঝতে যদি কলমটির সমস্যা হয় তাহলে সেটিও আলাদা করে সংকেতের মাধ্যমে জানিয়ে দেবে কলমটি। আর যে লেখা কলমের পড়তে সমস্যা হয় সেটি যে মানুষেরর পড়তে কিছুটা বেগ পেতে হবে সে তো বলাই বাহুল্য!