মাদাম তুসোতে এডেলের মূর্তি

সাফল্যের যেন শেষ নেই। গত দুই বছর ধরে একের পর এক সফলতা অর্জন করছেন এ সময়ের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী এডেল। ফেসবুক হিট, অ্যালবাম বিক্রিতে সেরা, গ্র্যামি অর্জনে গিনেজ রেকর্ড, ‘স্কাইফল’-এ গান গেয়ে গিনেজ রেকর্ড, অস্কার অর্জনসহ আরও নানা কিছুতেই সেরা হয়েছেন মাত্র দুই বছরের মধ্যেই। এবার তার সাফল্যের ক্যারিয়ারে যুক্ত হতে যাচ্ছে আরেক স্মরণীয় বিষয়। তা হলো বিখ্যাত জাদুঘর মাদাম তুসোতে বিয়ন্স নোলস, অ্যামি ওয়াইন হাউজ ও লেডি গাগার পাশে এবার তার মোমের মূর্তি তৈরির সিদ্ধান্ত নিয়েছে জাদুঘরের কর্তৃপক্ষ। মাদাম তুসোর জনসংযোগ কর্মকর্তা নিকল ফেনার বলেন, ‘এডেল গত দুই বছরে বিশ্বকে যা দেখিয়েছেন তা আসলেই চমকে দেওয়ার মতো। তারপর ‘স্কাইফল’, গ্র্যামি, অস্কার সব কিছুতেই তার চমক। তার গানের চাহিদা এখন বিশ্বব্যাপী। তাই আমরা তাকে চির স্মরণীয় ব্যক্তিদের পাশে ঠাঁই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’