গুলি করে কৃষক হত্যা
নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা
নালিতাবাড়ীতে গুলি করে প্রতিবেশী কৃষক ইদ্রিস আলী হত্যাকাণ্ডের প্রধান আসামি যোগানিয়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হবুকে শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া হত্যায় ব্যবহূত পিস্তলও উদ্ধার করা হয়েছে। শনিবার বিকালে সাত দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা পুলিশ অফিসে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. বিল্লাল হোসেন এ তথ্য জানিয়েছেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৫ এপ্রিল পূর্ব শত্রুতার জেরে উপজেলার যোগানিয়া ইউনিয়নের বাইটকামারি গ্রামের ফজলুর রহমানের ছেলে কৃষক ইদ্রিস আলীকে (৩৫) ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হবু ও তার ছেলে শান্ত পিস্তল দিয়ে গুলি করে। ঘটনার পর তারা পালিয়ে যায়। ওইদিন সিলেটের গোয়াইনঘাটের ফতেহপুর থেকে হাবিবুর রহমান হবুকে গ্রেফতার করে নালিতাবাড়ী আনা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার জামিরাকান্দা তার তৃতীয় স্ত্রী আলেয়া খাতুনের বাড়ির আঙিনার মাটি খুঁড়ে লুকিয়ে রাখা হত্যাকাণ্ডে ব্যবহূত পিস্তলটি উদ্ধার করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে ইউপি চেয়ারম্যান, আলেয়া ও ছেলেসহ তিনজনকে আসামি করে মামলা করেছে। এর আগে তাদের নামে হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা।