যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া
প্রকাশ : ০২ মার্চ ২০১৩, ২০:২৯
বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরু করার জন্য শুক্রবার যুক্তরাষ্টে্রর হাজার হাজার সৈন্য দক্ষিণ কোরিয়ায় সমবেত হয়েছে। এদিকে উত্তর কোরিয়ার তৃতীয় পারমাণবিক পরীক্ষা চালানোর পর কোরীয় উপদ্বীপে চরম উত্তেজনা বিরাজ করছে। এক প্রতিবেদনে একথা বলা হয়। ফোল ইঈল নামে পরিচিত সেনা, নৌ ও বিমান বাহিনীর এ যৌথ সামরিক মহড়া আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। এ সামরিক মহড়ায় দক্ষিণ কোরিয়ার বহুসংখ্যক সৈন্যের সাথে দশ সহস্রাধিক মার্কিন সৈন্য যোগ দিচ্ছে। এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা ইয়োনহাপের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও জাপানের বিভিন্ন মার্কিন ঘাঁটি থেকে এসব সৈন্য আনা হয়। মার্কিন ও দক্ষিণ কোরিয়ার এ যৌথ মহড়ায় স্থল, নৌ ও বিমান অভিযান অন্তর্ভুক্ত থাকছে। যৌথ সামরিক মহড়া কবে নাগাদ শুরু হচ্ছে এএফপি তাত্ক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি। তবে এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুক্রবার মহড়া শুরুর কথা বলা হয়।