পাকিস্তানে ৭০ হাজার নিষিদ্ধ অস্ত্রের লাইসেন্স প্রদান
প্রকাশ : ০২ মার্চ ২০১৩, ২০:৩০
পাকিস্তানে গত পাঁচ বছরে প্রায় ৭০ হাজার নিষিদ্ধ অস্ত্রের লাইসেন্স দেয়া হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক গত বৃহস্পতিবার পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে জানান, সাংসদদের সুপারিশে কেন্দ্রীয় সরকার ২০০৮-২০১২ সালের মধ্যে ৬৯ হাজার ৪৭৩টি বোর অস্ত্রের লাইসেন্স দিয়েছে। যে সব অস্ত্রের লাইসেন্স দেয়া হয়েছে সেগুলোর মধ্যে এ কে-৪৭, সাব মেশিনগানসহ স্বয়ংক্রিয় অস্ত্রও রয়েছে। এসব অস্ত্র সাধারণত নিরাপত্তা বাহিনীর কাছে থাকে। সংবিধানের অষ্টদশ সংশোধনী অনুযায়ী প্রাদেশিক সরকার প্রাদেশিক পরিষদের সদস্যদের বোর অস্ত্রের লাইসেন্স দিতে পারে। খবর এনডিটিভির। আইন লঙ্ঘন করে এ ধরনের অস্ত্রের লাইসেন্স দেয়ার তথ্য ২০০৯ সালে কেন্দ্রীয় তদন্ত সংস্থা প্রথম প্রকাশ করে। ভুয়া কাগজপত্রের মাধ্যমে এসব অস্ত্রের লাইসেন্স দেয়ার বিষয়টি সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি তদন্তের নির্দেশ দিলেও তদন্ত এখনো শেষ হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক বলেন, বেআইনিভাবে দেয়া সব লাইসেন্স বাতিল করা হবে।