শিশু ধর্ষণ :দিল্লিতে আবার বিক্ষোভ

উত্তর-পশ্চিম দিল্লির মঙ্গলপুরি এলাকায় ৭ বছর বয়সী ওই স্কুলছাত্রী ধর্ষণের শিকার হওয়ার খবরে দিল্লির রাজপথে ছড়িয়ে পড়ে সহিংস বিক্ষোভ। শিশুটিকে উদ্ধার করে মঙ্গলপুরির সঞ্জয় গান্ধী হাসপাতালে নেয়ার পর হাসপাতালের বাইরে প্রতিবাদে জড়ো হয় প্রায় ৩শ’ মানুষ। তারা পাথর ও ইট-পাটকেল ছুঁড়ে বিক্ষোভ শুরু করলে পুলিশ লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। দিল্লিতে গত ডিসেম্বরে চলন্ত বাসে মেডিক্যাল ছাত্রীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে তোলপাড়ের পর শিশু ধর্ষণের এ ঘটনায় আবারো বিক্ষোভে নামল জনতা। শিশুটি দিল্লি পৌর করপোরেশন ‘এমসিডি’ পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। বৃহস্পতিবার বিকালে সে ধর্ষণের শিকার হয় বলে জানিয়েছে তার পরিবার। এ ব্যাপারে স্কুলটির শিক্ষকমণ্ডলী ও নিরাপত্তারক্ষীদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। গতমাসে মহারাষ্ট্রে ৬ থেকে ১১ বছর বয়সী তিন বোনকে ধর্ষণ ও হত্যার ঘটনা নিয়ে ভারতের পার্লামেন্টে তীব্র তর্ক-বিতর্ক চলছে। এরই মধ্যে নতুন করে ধর্ষণের এ ঘটনায় উত্তেজনা বাড়ল।