ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির ৩০ বছর

ইত্তেফাকের উপদেষ্টা সম্পাদক হাবিবুর রহমান মিলনকে আজীবন সম্মাননা প্রদান

বাংলাদেশ প্রেস ইস্টিটিটিউটের চেয়ারম্যান, দৈনিক ইত্তেফাকের উপদেষ্টা সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট হাবিবুর রহমান মিলন বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে যে ঐতিহ্য রয়েছে তার বিকাশে সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমি সাহিত্য সংস্কৃতি চর্চায় যে ধারা অব্যাহত রেখেছে তা অনুসরণীয়। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমীর ৩০ বছর পূর্তি উপলক্ষে ৩ দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তৃতায় তিনি এ কথা বলেন। সাহিত্য একাডেমি ব্রাহ্মণবাড়িয়া এ অনুষ্ঠানে সাংবাদিক হাবিবুর রহমান মিলনকে আজীবন সম্মাননা প্রদান করেছে। এডভোকেট মোঃ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাহিত্য একাডেমির আহ্বায়ক কবি জয়দুল হোসেন, মোহাম্মদ আরজু, মান বর্দ্ধন পাল, আবদুন নূর প্রমুখ। পরে সাহিত্য ঃ কেন্দ্র ও প্রান্ত শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কবি মুজিবুল বারীর সভাপতিত্বে এতে আলোচক ছিলেন কথাশিল্পী সাদ কামালী, কবি মুজিব, কবি সরকার আমিন, কবি প্রদীপ মজুমদার। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ভারতের ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃতি ও পর্যটন দপ্তরের শিল্পীবৃন্দ। এছাড়া সাহিত্য একাডেমির পরিবেশনায় চৌরাস্তা নাটক মঞ্চস্থ ও আবৃত্তি পরিবেশন করা হয়। এ আয়োজনের মিডিয়া পার্টনার মোহনা টিভি ও নতুন মাত্রা।