জিয়াউর রহমান জামায়াতকে
রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত
করে গেছেন :তোফায়েল
বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা
প্রকাশ : ০২ মার্চ ২০১৩, ২১:১৭
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে জামায়াত-শিবিরকে প্রতিষ্ঠিত করে গেছেন। আর পুনর্বাসন করেছেন তার স্ত্রী খালেদা জিয়া। তাদের হত্যা, খুন আর ভাঙচুরের রাজনীতির কারণে বাংলার জনগণ আজকে এর চরম মূল্য দিচ্ছে।
ভোলার বোরহানউদ্দিন উপজেলা মিলনায়তনে শুক্রবার কর্মীসভায় তিনি আরো বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। স্বাধীনতার পর সবচেয়ে বেশি সময় আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় থেকেও জাতিকে কলঙ্কমুক্ত করতে পারেননি। মহাজোট সরকার যখন এ কাজটি শুরু করল বিএনপি তখন ইসলাম গেল, ইসলাম গেল বলে চিত্কার শুরু করল। তারা ভুলে গেছে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর মাদ্রাসা, মসজিদের ব্যাপক উন্নয়ন হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কালাম আজাদের সভাপতিত্বে কর্মীসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জসিমউদ্দিন হায়দার, পৌর মেয়র রফিকুল ইসলাম প্রমুখ।