সিরাজগঞ্জের ১৫ গ্রামে খিরার ব্যাপক চাষ

সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের তাড়াশে খিরার ভরা মৌসুমে বাজার জমে উঠেছে। এ মৌসুমে মাত্র ১৫ গ্রামের খিরা চাষিরা প্রায় ৩ কোটি টাকা খিরা বিক্রি করবেন বলে আশা করছেন। আগাম খিরার আবাদ করে লাভের মুখ দেখতে পেয়ে কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে। তাড়াশ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এ বছর প্রায় ৫০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের খিরা চাষ করা হয়েছে। এর মধ্যে বারুহাস ও তালম ইউনিয়নে খিরাচাষে উপযুক্ত পলি দো-আঁশ মাটিতে সর্বাধিক কৃষক খিরার আবাদ করেছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মিজানুর রহমান জানান, এ বছর প্রতি বিঘা জমিতে প্রায় ৪০-৪৫ মণ খিরার ফলন পাওয়া যাচ্ছে। মাত্র ৩ থেকে সাড়ে ৩ মাসে খিরার ফলন পাওয়ায় খিরা চাষি কৃষকদের লাভের পরিমাণ বেশি। কেননা একটি খিরার জমি থেকে বছরে অন্তত ৩-৪ বার কাঙ্ক্ষিত পরিমাণ খিরা পাওয়া সম্ভব। কৃষি বিভাগের হিসাবে তাড়াশ উপজেলায় চলতি মৌসুমে প্রায় আড়াই হাজার ২৫০শ’ মেট্রিক টন খিরা পাওয়া যাবে। বর্তমান পাইকারী বাজার বাজারমূল্য ১০-১৫ টাকা কেজি দরে হলেও প্রায় ৩ কোটি টাকা আয় করবেন। প্রতি বিঘায় উত্পাদিত খিরা ২০-২৫ হাজার টাকা। কুসুম্বী গ্রামের কৃষক আলতাব আলী জানান, মাত্র ৩ মাসে খিরাচাষে কৃষক বিঘা প্রতি যে টাকা খরচ করেন, উত্পাদিত খিরা বিক্রি করে তার প্রায় দ্বিগুণ লাভ করেন।