স্বীয় স্বার্থ চরিতার্থ করতে মুক্তিযুদ্ধ বিরোধীরা অপচেষ্টায় লিপ্ত

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবিএম তাজুল ইসলাম বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি আবারো জেগে উঠেছে। তারা আমাদের জাতীয় পতাকাকে খামছে ধরেছে। মুক্তিযুদ্ধবিরোধীরা তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য অপচেষ্টায় লিপ্ত রয়েছে। যে কোনো মূল্যে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে। পতাকার সম্মান রক্ষা করতে তরুণদের অতন্দ্র প্রহরীর মতো ভূমিকা রাখতে হবে। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে দুইদিনব্যাপী জাতীয় পতাকা উত্সবের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জয়ধ্বনি সাংস্কৃতিক সংগঠন এ পতাকা উত্সবের আয়োজন করে। জাতীয় পতাকা উত্সব-২০১৩’র আহ্বায়ক নাজমুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম, কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, ডাকসুর সাবেক জিএস মোর্শেদ আলী, মাহবুব জামান, বিটিভির মহাপরিচালক ম. হামিদ, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার বজলুল হক প্রমুখ।