মিষ্টি কুমড়া চাষে আগ্রহী হয়ে
উঠেছে ঠাকুরগাঁওয়ের চাষিরা
প্রকাশ : ০২ মার্চ ২০১৩, ২১:১৮
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলায় অন্যান্য ফসলের চেয়ে মিষ্টি কুমড়া চাষ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। গত দুই বছর ধরে সবজির দাম ভালো পাওয়ায় এখন মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছেন চাষিরা। অন্য বছরের তুলনায় এবার জেলায় মিষ্টি কুমড়ার চাষ বৃদ্ধি পেয়েছে।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, জেলায় এবার পাঁচ হাজার হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় দ্বিগুণ। উপ-সহকারী কৃষি কর্মকর্তা খলিলুর রহমান জানান, মিষ্টি কুমড়া উষ্ণ মণ্ডলের ফসল। এটি অপেক্ষাকৃত উচ্চ তাপমাত্রায় ভালো জন্মে। অত্যধিক আর্দ্র আবহাওয়ায় গাছ সহজেই রোগাক্রান্ত হয়। অতি বৃষ্টির কারণে ফল ধারণ ব্যাহত হয়।
জেলায় এবার তরমুজ চাষিরা সময়মতো চারা তৈরি করতে না পারায় মিষ্টি কুমড়া চাষ বৃদ্ধি পেয়েছে। ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর চতুরাখোর গ্রামের কৃষক সাদেকুল ইসলাম বলেন, মাসখানেকের মধ্যে মিষ্টি কুমড়ার উত্পাদন শুরু হবে। বর্তমানে যে সবজির দাম আছে সে হিসেবে তরমুজের চেষে মিষ্টি কুমড়াতে বেশি লাভবান হওয়ার আশা করছি।
জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বেলায়েত হোসেন বলেন, জেলায় যে পরিমাণ মিষ্টি কুমড়া উত্পাদিত হয় তা স্থানীয় চাহিদা পূরণ করে অন্য জেলার চাহিদাও পূরণ করে। হেক্টর প্রতি সাধারণত ১৬-২০ টন মিষ্টি কুমড়া উত্পাদিত হয়। তিনি আরো বলেন, মিষ্টি কুমড়াতে বিভিন্ন পোকা-মাকড়ের মধ্যে জাব ও মাছি পোকা অন্যতম। এসব পোকা-মাকড় হতে ফসলকে রক্ষা করতে পারলে ফলন ভালো পাওয়া যায়। অন্য ফসলের চেয়ে মিষ্টি কুমড়াতে উত্পাদন খরচ কম ও কম ঝুঁকিপূর্ণ ফসল হওয়ায় কুমড়া চাষে আগ্রহী হয়ে উঠেছে ঠাকুরগাঁওয়ের চাষিরা। আবহাওয়া অনুকূলে ও বাজারমূল্য সঠিক পেলে মিষ্টি কুমড়া বিক্রি করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন ঠাকুরগাঁওয়ের মিষ্টি কুমড়া চাষিরা।