সংবাদ সংক্ষেপ
প্রকাশ : ০২ মার্চ ২০১৩, ২১:১৯
সিরাজগঞ্জে রাসেল পরিষদের পুরস্কার বিতরণ
সিরাজগঞ্জ প্রতিনিধি \ গতকাল শনিবার সিরাজগঞ্জ জেলা পরিষদের ডাকবাংলোতে শেখ রাসেল জাতীয় শিশু- কিশোর পরিষদের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, বিশেষ অতিথি ছিলেন জেলা পাবলিক প্রসিকিউটর এ্যাড. গাজী আব্দুর রহমান ও রাসেল পরিষদের কেন্দ্রীয় নেতা এবং জেলার সভাপতি ফজল-এ-খোদা লিটন।
পটুয়াখালীতে বিএনপির প্রতিবাদ মিছিল
পটুয়াখালী প্রতিনিধি \ সরকারি সন্ত্রাস ও গণহত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গতকাল শনিবার পটুয়াখালীতে জেলা বিএনপি প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে। শেরেবাংলা সড়কের বটতলায় সমাবেশ শেষে শহরে প্রতিবাদ মিছিল বের করে। মিছিল লতিফ স্কুল সড়কে পৌঁছলে পুলিশ তাদের বাধা দেয়। পরে সেখানে তারা সমাবেশ করে।
পঞ্চগড়ে ন্যাশনাল সার্ভিসের কর্মশালা
পঞ্চগড় প্রতিনিধি \ পঞ্চগড় সদর উপজেলার ন্যাশনাল সার্ভিস কর্মসূচির তিন মাস মেয়াদি অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে স্থানীয় সরকারি অডিটোরিয়ামে স্থানীয় সংসদ সদস্য মজাহারুল হক প্রধান কর্মশালা উদ্বোধন করেন। জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবুল কালাম আজাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার ইমাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবুল হোসেন প্রমুখ।
কালীগঞ্জে সংগ্রামের সংবাদদাতা গ্রেফতার
লালমনিরহাট প্রতিনিধি ও কালীগঞ্জ সংবাদদাতা \ জেলার কালীগঞ্জ উপজেলার দৈনিক সংগ্রাম পত্রিকার সংবাদদাতা ডা. হাসান আব্দুল মালেককে শুক্রবার রাতে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। পরে শনিবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান হাবিব জানান, জামায়াত-শিবিরের বিরুদ্ধে দায়ের করা একাধিক মামলায় তার নাম থাকায় শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
ছাতকের ইছাকলসে বার্ষিক ওরস
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা \ ছাতকে শাহ সুফি আব্দুল করিম চিশতি (র.) ও শাহ সুফি মিছবাহুদ্দোজা চিশতির (র.) বার্ষিক ওরস ও ইছালে ছোয়াব মাহফিল ইছাকলস হুজুর কেবলার নিজ বাড়িতে ৪ ও ৫ মার্চ অনুষ্ঠিত হবে। ৪ মার্চ সোমবার বাদ জোহর হতে কোরআন খতম, ৫ মার্চ মঙ্গলবার মিলাদ, মাজার জিয়ারত, আখেরী মোনাজাত।
ভৈরবে তিনদিনব্যাপী কৃষিমেলা শুরু
ভৈরব সংবাদদাতা \ গতকাল শনিবার ভৈরবে তিনদিনব্যাপী কৃষি ও প্রাণিপ্রযুক্তি মেলা শুরু হয়েছে। মেলা উদ্বোধন করেন ভৈরব উপজেলা চেয়ারম্যান ও কৃষিবিদ ড. মোশতাক আহমেদ বুলবুল। এ উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল মনসুর।
দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা\ দামুড়হুদা মোক্তারপুর নামকস্থানে শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় কুনিয়া চাঁদপুর গ্রামের করিমউদ্দিনের মেয়ে মুক্তি (৭) ঘটনাস্থলে মারা গেছে। মুক্তি একটি করিমন থেকে নেমে রাস্তা পারাপারের সময় থেকে কার্পাসডাঙ্গাগামী একটি ট্রাংকলরি তাকে পিষ্ট করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোমস্তাপুরে আওয়ামী লীগের সম্মেলন
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শনিবার গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামালউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মঈনুদ্দিন মণ্ডল ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান।
দুর্গাপুরে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার দুর্গাপুরে শনিবার দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ল্যাবরেটরি মাতৃসদন হাসপাতাল হলরুমে ৫৩ জন দরিদ্র ও মেধাবী স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীকে বৃত্তি প্রদান অনুষ্ঠানে দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের আঞ্চলিক ব্যবস্থাপক শামছুল আলম খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তর ও তথ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক তছির আহাম্মদ।
ধামরাই বিশ্ববিদ্যালয় কলেজে পুরস্কার বিতরণ
ধামরাই সংবাদদাতা \ গতকাল শনিবার ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় । এতে সভাপতিত্ব করেন ঐ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. এখলাস খান। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
হোমনায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প
হোমনা সংবাদদাতা \ কুমিল্লার হোমনা উপজেলার জয়দেবপুর বাজারে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। শুক্রবার বাতাকান্দি সেবা মেডিক্যালের পরিচালক ও বাতেন মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাতা মো. দ্বীন ইসলাম রাজুর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিত্সাসেবায় অংশ নেন ঢাকা মেডিক্যাল কলেজের চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. মোরশেদ আলম।
গাইবান্ধায় মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধি \ গাইবান্ধার বালাসী হতে বাহাদুরাবাদ পর্যন্ত সড়কসহ রেলসেতু বাস্তবায়নেরর দাবিতে গতকাল শনিবার বাস্তবায়ন কমিটির উদ্যোগে গাইবান্ধা শহরের ডিবি রোডে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
নেত্রকোনা হলি চাইল্ড একাডেমীর পুরস্কার বিতরণ
নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনা হলি চাইল্ড একাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত শুক্রবার সন্ধ্যায় মোক্তারপাড়ার মাঠে অনুষ্ঠিত হয়। একাডেমীর অধ্যক্ষ মনোয়ারা বেগমের সভাপতিত্বে বক্তব্য এবং পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক আনিস মাহমুদ।
ময়মনসিংহে নর্দান ইউনিভারসিটির উদ্যোগে সেমিনার
ময়মনসিংহ প্রতিনিধি\ নর্দান ইউনিভারসিটির ডিপার্টমেন্ট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং-এর উদ্যোগে গতকাল শনিবার মযমনসিংহে হোটেল আমিরে ‘আরজেন্সি অব কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার্স’ বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। নর্দান ইউনিভারসিটির প্রফেসর ড. শাহ মোহাম্মদ ফাতাউর রহমানের সভাপতিত্বে সেমিনারে নর্দান ইউনিভারসিটির ডিপার্টমেন্ট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং- এর লেকচারার এবং কো-অর্ডিনেটর এবিএম সারোয়ার হোসাইন, সাংবাদিক মীর গোলাম মোস্তুফা, আবু মোহাম্মদ সায়েম, ইঞ্জিনিয়ার কাজী মোহামদ আলী, সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
মধুখালীতে অগ্নিকাণ্ডে ৮টি ঘর পুড়ে ছাই
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা \ শুক্রবার সন্ধ্যায় ফরিদপুরের মধুখালী পৌরসভার বৈকণ্ঠপুর মহল্লায় ৩টি বাড়ির ৪টি টিনের বসতঘরসহ ৮টি ঘর ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডে নগদ ১ লক্ষ ৩০ হাজার টাকাসহ ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেন।
গাইবান্ধায় বিএনপির প্রতিনিধি সম্মেলন
গাইবান্ধা প্রতিনিধি \ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কান্তনগর বিনয়ভূষণ উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিএনপির দামোদরপুর ইউনিয়ন তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কলিম উদ্দিন সরকার। ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।
খুলনায় সঙ্গীত শিল্পী আবিদ স্মরণ উত্সব
খুলনা অফিস \ ক্লোজআপ ওয়ান তারকা খুলনার প্রয়াত সঙ্গীত শিল্পী মিনা আবিদ শাহরিয়ার স্মরণে উত্সব গত শুক্রবার নগরীর শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হয়। উত্সবের উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পী আবিদ স্মৃতি পরিষদের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট ময়ীন-উদদীন আহমেদ।
গাংনীতে ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি
গাংনী (মেহেরপুর) সংবাদদাতা\ জয় বাংলা, আর বেশি দেরি নয়, অনেক হয়েছে, সময় ৭ দিন, মারবো এখানেই। সন্ত্রাসীদের রাখা একটি বোমার সাথে চিরকুটের এ ভাষাগুলো লেখা হয়েছে গাংনী উপজেলার কাথুলি ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কাবুল হোসেনকে। গতকাল শনিবার রামকৃষ্ণপুর ধলা বাজারের ফজলুল হকের মুদি দোকানের সামনে রাখা চেয়ারের উপর থেকে লালটেপ মোড়ানো একটি ককটেল বোমা ও চিরকুটটি দেখে স্থানীয়রা ধলা পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুবেদার গোলক চন্দ্র বিশ্বাস বোমা ও চিরকুটটি উদ্ধার করেন।
তাড়াশে মহানামযজ্ঞ অনুষ্ঠান
চলনবিল সংবাদদাতা \ তাড়াশ উপজেলা সদরের ঐতিহ্যবাহী গোবিন্দ মন্দির সংলগ্ন নাট্য ভবনে ৩২ প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান ও অষ্টকালিন লীলাকীর্তন শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলার পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার কানুর উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠিত এ মহনামযজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন খুলনার রুপনারায়ণ সমপ্রদায়, গোপালগঞ্জের আদি মুক্তি সমপ্রদায়, যশোরের গৌর ভক্ত সমপ্রদায়, সিরাজগঞ্জের যুগোলমিলন সমপ্রদায়, রামকৃষ্ণ সমপ্রদায়, আদিরাম ঠাকুর সমপ্রদায় ও রাধাগোবিন্দ্র সমপ্রদায়।
রাউজানে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি
রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা \ চট্টগ্রামের রাউজানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ২৫টি কাঁচা-পাকা বসতঘর ভস্মীভূত হয়েছে। এসময় আগুন নিভাতে গিয়ে এক মহিলাসহ ৩ জন আহত হয়েছে। শুক্রবার উপজেলার নোয়াপাড়া ডিগ্রি কলেজের পার্শ্বস্থ রাজার পাড়ায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিবাদ
সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ শুক্রবার উপজেলার কালমেঘা ইউনিয়ন কৃষক শ্রমিক জনতালীগের স্থানীয় ছাত্র আন্দোলনের নেতা ও কালিয়াকৈর ফুলবাড়িয়া হাবেজ উদ্দীন সরকার কলেজের ছাত্র আমিনুল ইসলামের নামে কড়ইচালা বিট কর্মকর্তার দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছলংগা বাজারে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, অধ্যাপক মীর জুলফিকার শামীম, এম আবুল হাসেম, বজলুর রহমান, বাদল আহমেদ, আশীক জাহাঙ্গীর প্রমুখ।
বিশ্বনাথে প্রবাসীর বাড়িতে ডাকাতি
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা \ সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী উত্তর ধর্মদা গ্রামের তৈমুছ আলীর বাড়িতে ডাকাতির ঘটনায় মূল পরিকল্পনাকারী প্রবাসীর গাড়ি চালকসহ চারজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। হবিগঞ্জ জেলার বাহুবল থানা থেকে পুলিশ অভিযান চালিয়ে লুণ্ঠিত মোবাইলসহ গ্রেফতার করে বাহুবল থানার আদিত্যপুর গ্রামের খুর্শিদ আলীর পুত্র আফজাল খান (২৭), একই থানার আন্দাবৌদ্ধা গ্রামের আবদুর রাজ্জাকের পুত্র আবদুল মতিন (৩৫) ও ডাকাতির ঘটনার মূল পরিকল্পনাকারী প্রবাসী তৈমুছ আলীর গাড়িচালক ফয়েজ খানকে (২৮)।
গোবরিয়া হাইস্কুলে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি\ কুলিয়ারচর উপজেলার গোবরিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল শনিবার বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন এমপি।
রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কার্যালয় উদ্বোধন
রূপগঞ্জ সংবাদদাতা\ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে গতকাল শনিবার যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-অর্থ বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু সমর্থিত নেতাকর্মীরা রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের কার্যালয় উদ্বোধন করেন। থানা স্বেচ্ছাসেবক দলের নেতা স্বপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের প্রথম যুগ্ম-আহ্বায়ক আকরাম প্রধান, হাফিজুর রহমান, নাঈম, নবী হোসেন প্রমুখ।