খেলোয়াড়দের সাথে
লংকান বোর্ডের বিরোধ
প্রকাশ : ০২ মার্চ ২০১৩, ২১:৩৮
বাংলাদেশের বিরুদ্ধে ঘরোয়া সিরিজ শুরুর প্রাক্বালে বোর্ডের সাথে ক্রিকেটাররা নতুন চুক্তি করতে রাজি না হওয়ায় কঠিন পরিস্থিতিতে পড়তে যাচ্ছে শ্রীলংকান ক্রিকেট বোর্ড (এসএলসি)। এ সংকট অব্যাহত থাকলে স্বাগতিকরা বাংলাদেশের বিরুদ্ধে তারকা খেলোয়াড়দের নামাতে ব্যর্থ হবে। তাতে দৃশ্যত সুবিধা হতে পারে বাংলাদেশ দলের।
আজ রবিবার থেকে মাতারায় তিনদিনের এক প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে সফরকারী বাংলাদেশ দল। শ্রীলংকার খেলোয়াড় ও ক্রিকেট বোর্ডের মধ্যে মতানৈক্যের মূল কারণ হিসেবে উঠে এসেছে বেশ কয়েকটি বিষয়। বাংলাদেশের বিপক্ষে শ্রীলংকান ডেভেলপমেন্ট ইমার্জিং দল নামে যারা খেলবেন তাদের অধিকাংশ খেলোয়াড় বোর্ডের সাথে চুক্তিতে সই করেননি। গত বৃহস্পতিবার শীর্ষ খেলোয়াড়দের সাথে এসএলসির চুক্তি শেষ হয়। অপরদিকে গতকাল শনিবার ছিল ২০১৩-১৪ মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হওয়ার শেষ দিন। নতুন চুক্তির জন্য ৬০জন খেলোয়াড়কে প্রস্তাব দেয়া হয়েছিল।
এসএলসি’র সেক্রেটারি নিশান্ত রানাতুঙ্গা স্থানীয় ডেইলি মিররকে বলেন, ‘খেলোয়াড়দের আমরা ২ মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলাম। কিন্তু এরা চুক্তিতে সই করতে অসম্মতি জানিয়েছে। তবে আমাদের এখন কঠিন সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে আমাদের এমন কিছু খেলোয়াড় নির্বাচিত করতে হবে যারা এই সিরিজ খেলবে’। এদিকে ৬০জন খেলোয়াড়ের মধ্যে ৪০জন এক লিখিত বিবৃতিতে জানিয়েছেন, তারা শ্রীলংকা ক্রিকেটার্স এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট কেন ডি আলউইসকে বোর্ডের সঙ্গে তাদের হয়ে আলোচনা এবং চুক্তি সই করার জন্য দায়িত্ব দিয়েছেন। কিন্তু এসএলসি অবশ্য ক্রিকেটারদের এই এসোসিয়েশনকে স্বীকার করতে অস্বীকৃতি জানায়। এ প্রসঙ্গে রানাতুঙ্গা বলেন, ‘এসএলসি সিদ্ধান্ত জানাবে আনুষ্ঠানিকভাবে, কোন সংস্থাকে নয়। আমরা কোন এসোসিয়েশনের সাথে বসবো না, কারণ আমরা সরাসরি খেলোয়াড়দের সাথে কথা বলতে পারছি। এমনকি তাদের ম্যানেজার অথবা এজেন্টের সাথেও কথা বলার প্রয়োজন নেই’।
বিরোধের মূল কারণগুলোর মধ্যে আছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার সময় খেলোয়াড়দের বেতন দিতে বোর্ডের অস্বীকৃতি। খেলোয়াড়রা মনে করে ভারতীয় বোর্ডের সাথে এসএলসির বিরোধের কারণেই নতুন চুক্তিতে এই ধারা রাখা হয়েছে। আরেকটি কারণ হলো আইসিসি’র প্রতিযোগিতাগুলো থেকে ২৫ ভাগ অর্থ খোয়ানোর মতো বিষয়। এই ইভেন্টগুলো থেকে অর্থপ্রাপ্তি কেবল দলে থাকা ১৫জন খেলোয়াড়ই পাবেন।