হায়দ্রাবাদ টেস্ট
ভারতের দাপটের
মধ্যেও ক্লার্কের লড়াই
প্রকাশ : ০২ মার্চ ২০১৩, ২১:৩৮
মাইকেল ক্লার্কের সিদ্ধান্তকে অভাবনীয় মানতেই হবে। হায়াদ্রাবাদে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টের গতকাল শনিবার উদ্বোধনী দিনের খেলা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে ক্লার্ক যখন দলের প্রথম ইনিংস ঘোষণা করেন সে সময় চমকে উঠেছিলেন অনেকেই। কারণ স্কোরবোর্ডে অজিদের রান তখন ২৩৭/৯। তবে চমকে দেয়া সিদ্ধান্তের আগে ব্যাট হাতে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন অজি অধিনায়ক।
বলতে গেলে ক্লার্কের ৯১ রানের ইনিংসয়ের উপর ভর করেই শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ২৩৭ রানে পৌঁছায়। আর অস্ট্রেলিয়ার ইনিংসের হাইলাইটস বলতে ম্যাথু ওয়েডের সঙ্গে ক্লার্কের ১৪৫ রানের জুটি। ভারতের বোলারদের দুর্দান্ত বোলিংয়ের মুখে এর বাইরে দাঁড়াতে পারেননি আর কেউই।
টসে জিতে ব্যাটিংয়ে নামা অজিদের প্রথম ধাক্কাটা দেন তরুণ পেসার ভুবনেশ্বর কুমার। দলীয় ১৫ রানের মধ্যে দুই ওপেনারকে তুলে নিয়ে শুরুতেই প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দেন তিনি। এরপর দলের রান পঞ্চাশ পেরুনোর পরপরই কুমারের একটা নিচু হয়ে যাওয়া বলে শেন ওয়াটসনও ফিরে গেলে চাপে পড়ে যায় সফরকারীরা। যথারীতি ইনিংস মেরামতের দায়িত্ব বর্তায় ক্লার্কের উপর। নতুন ব্যাটসম্যান ম্যাথু ওয়েডকে নিয়ে সে কাজটা সুচারুরূপেই পালন করেন তিনি। এই দুইজনের ব্যাটে ভর করে লাঞ্চের পরের সেশনটা কোন উইকেট না হারিয়েই পার করে অজিরা। তবে চা বিরতির পরই আবারো আঘাত হানে ভারত। এবার আক্রমণের নেতৃত্বে থাকেন স্পিনাররা। ওয়েডকে ব্যক্তিগত ৬২ রানে ফিরিয়ে দিয়ে জুটিতে ভাঙ্গন ধরান হরভজন সিং। এরপর রবীন্দ্র জাদেজাও উইকেট শিকারে যোগ দিলে মাত্র ২৮ রানে শেষ পাঁচটি উইকেট হারায় ক্লার্ক বাহিনী। দারুণ এক সেঞ্চুরি থেকে হাতছোঁয়া দূরত্বে দলের নবম ব্যাটসম্যান হিসেবে ফিরে যান ক্লার্ক। এরপর শেষ জুটিতে মাত্র এক রান যোগ হওয়ার পরই ক্লাকের্র সেই সিদ্ধান্ত। ১৯৭৪ সালের পর এই প্রথম কোন দল ম্যাচের প্রথম দিনেই ইনিংস ঘোষণা করলো।
অল্প রানে অজিদের আটকে দিয়ে প্রথম দিনেই ভারতকে ম্যাচে অন্তত কিছুটা হলেও এগিয়ে দিয়েছেন বোলাররা। হাতে অনেকটা সময় পড়ে থাকায় আজ হয়তো সাবধানী ভঙ্গিতেই ব্যাট চালাবেন ভারতের ব্যাটসম্যানরা। অন্যদিকে অধিনায়কের সিদ্ধান্তকে যৌক্তিক প্রমাণ করার দায়িত্ব থাকছে পিটার সিডল, জেমস প্যাটিনসনদের উপর।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস:২৩৭/৯ (ডিক্লেয়ার্ড)। ক্লার্ক ৯১, ওয়েড ৬২, ওয়াটসন ২৩; জাদেজা ৩/৩৩, কুমার ৩/৫৩, হরভজন ২/৫২।ভারত প্রথম ইনিংস:৫/০। শেবাগ ৪*, বিজয় ০*।