দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান আজ
দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি
প্রকাশ : ০২ মার্চ ২০১৩, ২১:৩৯
দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যাবার পর আজ রবিবার উভয় দল সেঞ্চুরিয়নে শেষটিতে মুখোমুখি হচ্ছে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে খেলাটি।
ডারবানে গতকাল রাতে খেলা শুরুর বেশ আগ থেকেই বৃষ্টি হচ্ছিল। এরপর টানা পাঁচ ঘণ্টা অবিরামভাবে চলে বৃষ্টি। একপর্যায়ে বৃষ্টি কমলে মাঠ পর্যবেক্ষণে নামেন স্বাগতিক দুই আম্পায়ার শন জর্জ ও আদরিয়ান হোল্ডস্টোক। কিন্তু মাঠ ভেজা থাকায় শেষ পর্যন্ত প্রথম টি-টোয়েন্টি পরিত্যক্ত ঘোষণা করেন তারা। এই প্রেক্ষাপটে আবার মুখোমুখি হচ্ছে দুই দল। যদিও এবারের দক্ষিণ আফ্রিকা সফরে এখন পর্যন্ত মোটেও ভালো কাটেনি পাকিস্তানের। তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে মিসবাহ উল হকের দল। তবে টি-টোয়েন্টি ম্যাচে ভালো খেলার লক্ষ্য নিয়ে মাঠে নামবে মোহাম্মদ হাফিজের নেতৃত্বাধীন পাকিস্তান দল। কারণ এই সিরিজটি শেষে পাঁচটি ওয়ানডে খেলবে সফরকারীরা। তাই ওয়ানডে সিরিজের আগে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নেবার সুযোগটাকে বেশ ভালোভাবে কাজে লাগাতে মরিয়া পাকিস্তান। একইসাথে আজকের ম্যাচটি জিতে টি-টোয়েন্টির র্যাংকিং-এ উপরের দিকে উঠার লক্ষ্যও রয়েছে পাকিস্তানের। ১১৬ রেটিং নিয়ে বর্তমানে ছয় নম্বরে আছে তারা। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি জিতলেই দক্ষিণ আফ্রিকাকে হটিয়ে পঞ্চম স্থানে উঠে আসবে পাকিস্তান দল। বর্তমানে পঞ্চম স্থানেই রয়েছে প্রোটিয়ারা। তাদের অর্জিত রেটিং ১১৭। অপরদিকে দক্ষিণ আফ্রিকা আজ জিতলে চতুর্থ স্থানে উঠার সম্ভাবনা রয়েছে তাদের। সেক্ষেত্রে ১১৬ পয়েন্টে থাকা ইংল্যান্ড নেমে যাবে পঞ্চম স্থানে।-বাসস