সাম্প্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের আহবান
প্রকাশ : ০২ মার্চ ২০১৩, ২২:২১
জনগণকে বিভ্রান্ত করতে যুদ্ধাপরাধের বিচারের মতো জাতীয় বিষয়কে সাম্প্রদায়িক রূপ দেয়া হচ্ছে বলে দাবি করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। দেশের স্বার্থেই ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতির মোকাবেলা করার আহ্বান জানান তারা। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা আরো বলেন একাত্তর, নব্বই, বিরানব্বই ও ২০০১ সালের মতো ধর্মীয় সংখ্যালঘুদের উপর ব্যাপকভাবে হামলা শুরু হয়েছে। নতুন প্রজন্মসহ মুক্তিযুদ্ধের পক্ষের সবাই যখন সারাদেশে সাম্প্রদায়িক শক্তি জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলছে সেই মুহূর্তে জনগণকে বিভ্রান্ত ও বিভেদ-অনৈক্য সৃষ্টি করতে এই হামলা চালানো হচ্ছে। তারা বলেন, একাত্তরে যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল তারই চেতনায় দৃঢ়ভাবে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। এর কোনো বিকল্প নেই। দলমত নির্বিশেষে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকেই সাম্প্রদায়িক শক্তির অপতত্পরতা রুখতে হবে। পূজা উদযাপন পরিষদের সভাপতি কানুতোষ মজুমদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সিরিল সিকদার, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি নির্মল চক্রবর্তী প্রমুখ।]