বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, গ্রেফতার চার

পুলিশ শুক্রবার রাজধানীর দুইটি স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ২০ সহস্রাধিক ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত দুই ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামানের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কলাবাগানের সেন্ট্রাল রোডস্থ ৩৬ নম্বর মুসাফীর মঞ্জিল বাড়ি এবং উত্তরা পশ্চিম থানার ৩নং সেক্টরের ৪ নম্বর রোডের ৩১/এ নং বাসায় অভিযান পরিচালনা করে। ওই অভিযানে ইয়াবা ট্যাবলেট ব্যবসায়ী মো. আউয়াল (২৩) ও মো. কামরুজ্জামান ওরফে লিটনকে (৩৫) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি আউয়ালের নিকট থেকে ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দুইজনই কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পাইকারি বিক্রি করে থাকে। অপর এক অভিযানে ওই দল পশ্চিম রামপুরা হাতিরঝিল রোডের প্রবেশমুখের সামনে থেকে মো. মনিরুল ইসলাম (৩০) ও মো. সোহেলকে (১৯) গ্রেফতার করে। তাদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তারা রামপুরা, উলন, হাতিরঝিল এলাকায় ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে আসছিল বলে স্বীকার করে।