মিরপুরে দুই মামলায় চারজন কারাগারে

স্কুলছাত্রীর গোসলের দৃশ্যধারণ

মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা

মিরপুর থানায় নারী উত্ত্যক্ত ও স্কুলছাত্রীর গোসলের দৃশ্য ভিডিও করার অপরাধে শুক্রবার পর্নোগ্রাফি আইনে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। ওইদিনই দুই আলোচিত মামলার এজাহার নামীয় চার আসামিকে গ্রেফতার করে পুলিশ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। মামলা সূত্রে জানা গেছে, ওইদিন উপজেলার আমবাড়ীয়া গ্রামের এক গৃহবধূর বাড়িতে কেউ না থাকার সুযোগে তিন যুবক প্রবেশ করে। এ সময় তার মাথায় পিস্তল ঠেকিয়ে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়। এ ব্যাপারে ভিকটিম নিজেই বাদী হয়ে একই গ্রামের মিলন, হেলাল ও মুন্নাফের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এছাড়া সম্প্রতি মোবাইল ফোনে গোপনে উপজেলার কাজীপুর গ্রামে আপন চাচাতো বোন দশম শ্রেণির স্কুলছাত্রীর গোসলের দৃশ্য ভিডিও ধারণের অভিযোগে আবু জাহিদ ওরফে কালুর বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের হয়েছে। মিরপুর থানার ওসি আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।