কচুয়ায় ক্রসফায়ারে ডাকাত ছোট জামাল ও শাহ পরান নিহত

কচুয়ায় র্যাবের ক্রসফায়ারে দুর্ধর্ষ ডাকাত ছোট জামাল (৪০) ও শাহপরান (৩৫) নিহত হয়েছে। তারা দুজনই কচুয়া উপজেলার মেঘদাইর গ্রামের অধিবাসী। কচুয়া থানার ওসি আলমগীর হোসেন মজুমদার জানান, শুক্রবার রাত ৩টার দিকে উপজেলার কচুয়া-সাচার সড়ক সংলগ্ন দোয়াটি গ্রামের মোস্তফা কামাল মাস্টারের ফিসারি প্রজেক্টে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নেয়াকালীন র্যাব-১১ টহল দলের মুখোমুখি হলে উভয় পক্ষে বন্দুকযুদ্ধে উল্লেখিত ডাকাতদ্বয় নিহত হয়। ঘটনাস্থলে র্যাব ২টি রিভলবার, এলজি কার্তুজ ও ২টি রাম দা উদ্ধার করে। মেঘদাইর গ্রামের অধিবাসী দুর্ধর্ষ ডাকাত সর্দার বড় জামাল ২০১২ সালের ২৪ অক্টোবর র্যাবের ক্রসফায়ারে নিহত হয়। ছোট জামাল এই বড় জামাল বাহিনীর ‘সেকেন্ড ইন কমান্ড’ এবং শাহপরান ‘কিলার’ হিসাবে পরিচিত। ডাকাত ছোট জামালের বিরুদ্ধে ঢাকার লালবাগ থানায় ১টি মামলা এবং ডাকাতি, ছিনতাই ও ধর্ষণের অভিযোগে কচুয়া থানায় ৮টি মামলা রয়েছে। ডাকাত শাহপরানের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দর থানায় ডাকাতি ও অস্ত্র আইনে ৩টি, চাঁদপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে নারী ও শিশু নির্যাতন আইনে ১টি এবং ডাকাতি, ছিনতাই ও ধর্ষণের অভিযোগে কচুয়া থানায় ৫টি মামলা হয়েছে। স্থানীয়রা জানান, মেঘদাইর গ্রাম এলাকায় মনিগাউছ ও মাইনুদ্দিন মাইন্নাসহ আরো অর্ধ ডজন দুর্ধর্ষ ডাকাত রয়েছে। বড় জামালের বাহিনী প্রায় ২ যুগ ধরে কচুয়া এলাকাসহ দেশের বিভিন্নস্থানে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও ধর্ষণসহ নানা অপকর্মে লিপ্ত। এদিকে ছোট জামাল ও শাহপরান ক্রসফায়ারে নিহত হওয়ার সংবাদে এলাকায় কিছুটা স্বস্তি ফিরে আসলেও জামাল বাহিনীর অপর দুর্ধর্ষ সদস্যরা কখন কোন ঘটনা ঘটায় এ নিয়ে জনমনে আতঙ্ক।