গণহত্যার কথা বলে খালেদা রাজনৈতিক স্ট্যান্টবাজি করেছেন

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া গণহত্যার কথা বলে মিথ্যা অজুহাতে মানুষের সেন্টিমেন্টকে নিজের পক্ষে নিতে চেয়েছেন, রাজনৈতিক স্টান্ডবাজি করেছেন। ১ শতাংশ ভোটের জন্য খালেদা জিয়া একাত্তরের লাখো মানুষের হত্যাকারীদের পক্ষে জামায়াতের আমির হয়ে মাঠে নেমেছেন। একাত্তরের গণহত্যার খলনায়কদের সমর্থন করার জন্য দেশের জনগণ আগামী নির্বাচনেও বিএনপিকে বর্জন করবে। গতকাল শনিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশে সাম্প্রতিক সহিংসতায় নিহতের ঘটনার জন্য খালেদা জিয়াকে দায়ী করে মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়ার প্রত্যক্ষ মদদেই জামায়াত-শিবির দেশে তাণ্ডব চালাচ্ছে। গত কয়েকদিনে জামায়াত-শিবির ১০ জন পুলিশকে হত্যা করেছে। ৫ জন সরকার সমর্থক রাজনৈতিক কর্মীকে হত্যা করা হয়েছে। ১ জন ছাত্রলীগ কর্মীকে আগুনে পুড়িয়ে নৃশংসভাবে মারা হয়েছে। কিন্তু খালেদা জিয়া শুক্রবার সাংবাদিক সম্মেলনে এসব বিষয়ে কোন কথা বললেন না। তিনি এ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জামায়াত-শিবিরের তাণ্ডবে আরো উত্সাহ দিয়েছেন। এ কারণে খালেদা জিয়ার মুখে গণহত্যার কথা মানায় না। জামায়াত-শিবিরের বিরুদ্ধে ঢাকা মহানগর নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দিয়ে মোহাম্মদ নাসিম বলেন, যেসব ওর্য়াড-থানা জামায়াত-শিবিরের বিরুদ্ধে মিছিল সমাবেশ করবে না তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, জামায়াত যে কর্মসূচি দেয়, বিএনপি তা অনুসরণ করে। সারাদেশে যে তাণ্ডব চলেছে, সংখ্যালঘুদের হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ এসবের জন্য বিএনপিই দায়ী। ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম মিলন, প্রচার সম্পাদক আবদুল হক সবুজ প্রমুখ।