খালেদা জামায়াতের অঙ্গ সংগঠনের নেতার মতো আচরণ করছেন

দপ্তরবিহীন মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার শুক্রবারের সাংবাদিক সম্মেলনে গঠনমূলক কিছু আশা করেছিলাম। কিন্তু তিনি তা না করে অকারণে আরেকটি হরতালের ডাক দিয়েছেন। এতে স্পষ্ট হয়েছে, তিনি বিরোধী দলীয় নেতা নন, জামায়াতের কোনো অঙ্গ সংগঠনের নেতা। গতকাল শনিবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আলমগীর কুমকুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নৌকা সমর্থকগোষ্ঠী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জামায়াতের কর্মকাণ্ডকে রাষ্ট্রদ্রোহিতা আখ্যা দিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, দেশে চরম অস্থিরতা বিরাজ করছে। জামায়াত যে কর্মকাণ্ড পরিচালনা করছে তা রীতিমতো রাষ্ট্রদ্রোহিতা। এই অপশক্তির তাণ্ডব মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে নৈরাজ্য সৃষ্টি করে তারা ভাবছে সরকার তা মোকাবেলা করতে পারবে না। কিন্তু যারা এটি ভাবছেন তারা বোকার স্বর্গে বাস করছেন। কারণ সংবিধানে এটিও বলা আছে কীভাবে রাষ্ট্রদ্রোহিতা মোকাবেলা করতে হবে। তাই দেশের মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, এ দেশের ধর্মপ্রাণ মানুষ কোনোদিন ধর্মের সঙ্গে রাজনীতিকে মিলিয়ে চিন্তা করেনি। হুমায়ুন কবির মিজির সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম প্রমুখ।