হরতালে ইসলামী ঐক্যজোটের সমর্থন

আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত তিন দিনের দেশব্যাপী হরতালের প্রতি ইসলামী ঐক্যজোট সমর্থন দিয়েছে। গতকাল শনিবার বিকালে পুরনো ঢাকার লালবাগ কার্যালয়ে দলের কেন্দ্রীয় কমিটির সভায় নেতৃবৃন্দ হরতালের প্রতি সমর্থনের ঘোষণা দেন। ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মওলানা আবদুল লতিফ নেজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ বলেন, গতকাল বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উস্কানিতে পুলিশ গুলিবর্ষণ, টিয়ারসেল নিক্ষেপ ও লাঠিচার্জে অনেক নেতা-কর্মীকে মারাত্মকভাবে আহত করেছে। কোন সভ্য দেশে এমনভাবে পাখির মত গুলি করে মানুষ হত্যার পর সরকারের ক্ষমতায় টিকে থাকার কোন নজির নেই। গণহত্যার কারণে সরকারকে অচিরেই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সভায় সারাদেশে মসজিদের ইমাম, মাদ্রাসার প্রিন্সিপাল ও দায়িত্বশীলদের থানায় থানায় ডেকে প্রশাসন কর্তৃক হুমকি প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয়, এসব করে ক্ষমতায় আঁকড়ে থাকা যায় না। সরকারের পতন এখন সময়ের ব্যাপার। বিশ্বের কোথাও এবং ইতিহাসের কোন অধ্যায়ে সরকারি পৃষ্ঠপোষকতা ও ব্যবস্থাপনায় কোন গণজাগরণ হওয়ার নজির নেই। অথচ শাহবাগে তাই হয়েছে। এটা যে আওয়ামী লীগের নির্বাচনী প্রস্তুতিরই একটি প্রাথমিক ধাপ তা এখন মানুষের সামনে স্পষ্ট হয়েছে। সরকারের সাময়িক আয়োজনকে গণজাগরণ হিসাবে চিহ্নিত করা এবং ইসলাম বিদ্বেষী ব্লগারদের নায়ক বানানোর চেষ্টা করা দেশ ও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রেরই অংশ। এদেশের মুসলমানরা যে কোন ষড়যন্ত্রকে নস্যাত্ করে দিবে। সভায় উপস্থিত ছিলেন মুফতি ফয়জুল্লাহ, মাওলানা আবুল হাসানাত আমিনী, মুফতি তৈয়্যেব, অধ্যাপক মাওলানা আবদুল করিম, মাওলানা ফজলুর রহমান, মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, মাওলানা শেখ লোকমান হোসাইন, মাওলানা যোবায়ের আহমদ প্রমুখ।