শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায়
সকল পক্ষের দায়িত্বশীল
আচরণ করা উচিত
প্রকাশ : ০২ মার্চ ২০১৩, ২২:৪৮
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মাওলানা সৈয়দ মোহাম্মাদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই গত দু’দিনে দেশব্যাপী সংঘটিত হত্যাকাণ্ড ও নৈরাজ্যের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। গতকাল শনিবার এক বিবৃতিতে সরকারের উদ্দেশে তিনি বলেন, গত বৃহস্পতিবারের হত্যাযজ্ঞে গোটা জাতি স্তম্ভিত। নজিরবিহীন হত্যাযজ্ঞের দায়ভার সরকার কিছুতেই এড়াতে পারে না।
পীরসাহেব চরমোনাই বিবৃতিতে বলেন, দেশ আজ কারা চালাচ্ছে বুঝা যাচ্ছে না। গত বৃহস্পতিবার গোটা দেশে এতোগুলো মানুষের জীবন গেল অথচ সরকারের দিক থেকে এর কোন ব্যাখ্যা এলো না। প্রেসনোট ও কোনো তদন্ত কমিটি হলো না। মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী একটি রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতা। তার বিরুদ্ধে ফাঁসির রায় হলে দেশব্যাপী প্রতিক্রিয়া হবে এটাই স্বাভাবিক। কিন্তু গুলি চালিয়ে ব্যাপক হত্যাযজ্ঞের মাধ্যমে সেই প্রতিক্রিয়া দমন কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না।
তিনি আরও বলেন, দলমত ধর্ম নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তার দায়িত্ব সরকারের। কিন্তু বর্তমানে কোন নাগরিক নিজেদের নিরাপদবোধ করছে না। আতঙ্ক আর অনিশ্চয়তা সর্বত্র। তিনি বলেন, প্রতিটা খুনের সুষ্ঠু তদন্ত করুন, দোষীদের শাস্তি দিন, হত্যাযজ্ঞ বন্ধ করুন। দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবেন না।
পীরসাহেব সরকারকে উদ্দেশ করে আরও বলেন, সাধারণ মানুষকে হয়রানি বন্ধ করতে হবে। সারাদেশের মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের উপর যে জুলুম চলছে, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিরোধী দল ও মতের নেতাকর্মীদের অহেতুক গ্রেফতার ও হয়রানি বন্ধে সরকারকেই উদ্যোগ নিতে হবে। শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সকল পক্ষেরই দায়িত্বশীল আচরণ করা উচিত। নৈরাজ্য ও উচ্ছৃঙ্খলতা কারো জন্যই শুভ ফল বয়ে আনে না।