সহিংসতা বন্ধে উদ্যোগ নিতে সরকার ও জামায়াতের প্রতি আহ্বান এইচআরডব্লিউর

বাংলাদেশে চলমান সহিংসতায় অর্ধশতাধিক নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। শুক্রবার এক বিবৃতিতে সংস্থাটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দলের সমর্থকদের মধ্যে আরো সহিংসতার ঘটনা রোধে সরকার এবং জামায়াতে ইসলামীকে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস এক বিবৃতিতে বলেন, চলমান তাণ্ডব ও সহিংসতা বন্ধ করার পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও যুদ্ধাপরাধের বিচারের সমর্থকদের ওপর হামলা বন্ধ করতে জামায়াতের জরুরিভিত্তিতে এর সমর্থকদের উদ্দেশে বিবৃতি দেয়া উচিত। তিনি আরো বলেন, একইসঙ্গে সহিংসতা চলাকালীন নিজেদের বা অন্যের জীবন রক্ষা করা ছাড়া প্রাণঘাতি পদক্ষেপ নেবার বিষয়ে সর্বোচ্চ সংযম প্রদর্শন করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরকারের নির্দেশ দেয়া উচিত। যদি এ সময় সংযম প্রদর্শন না করা হয় তবে ঢাকায় অনিয়ন্ত্রিত তাণ্ডব ও সহিংসতা শুরু হতে পারে। অ্যাডামস বলেন, যুদ্ধাপরাধের বিচারের দাবিতে গত কয়েক সপ্তাহে যে আবেগ জনগণের মাঝে সৃষ্টি হয়েছে তার বিরুদ্ধে কোনোরকম সহিংসতার প্রকাশ না ঘটানোর বিষয়ে সমর্থকদের প্রতি জামায়াতের আগেই নির্দেশ দেয়া উচিত ছিল। অন্যদিকে পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা কিছু কিছু ক্ষেত্রে অসামঞ্জস্যপূর্ণভাবে আইনি ক্ষমতা ব্যবহার করেছে, যা না করলে সে জীবনগুলো বেঁচে যেত। ফলে পুরো বিষয়টি আরো উত্তপ্ত হয়ে উঠেছে।