কটিয়াদীর রাস্তা গুলোর দৈন্যদশা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পৌর এলাকা ও ৯টি ইউনিয়নের ১৫৫ টি গ্রামের রাস্তার দৈন্যদশা বৃদ্ধি পেয়েছে। এসব রাস্তার দু’পাশে মাটি নেই এবং রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। জীবনের ঝুকি নিয়ে যানবাহন চলাচল করছে। জানা যায়, উপজেলার ৪৮৫.১৮ কি:মি: রাস্তার মধ্যে কাঁচা রাস্তা ৩৫৪.৮৭ কি:মি: এবং পাকা রাস্তা ১১৯.২৮ কি:মি। কাঁচা রাস্তাগুলো বেশির ভাগ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। উপজেলার মোট ৯টি রাস্তা পাকা করার জন্য আইআরআইডিপি কর্তৃক ৪ কোটি ৪৯ লক্ষ ৪০ হাজার ২শ ৬৯ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। রাস্তাগুলো হচ্ছে মুগদিয়া-বৈরাগীরচর বাজার ০.৫০০ কি:মি, চরআলগী-কাজীরচর ১.০২ কি:মি:, কটিয়াদী-মঠখোলা দশআনী গোপাট ১.০০ কি:মি: বেতাল-মঠখোলা ১.০৪ কি:মি:, কটিয়াদী মসূয়া ০.৭০০ কি:মি:, আদমপুর-মসূয়া ১ কি:মি:, ফেকামারা ভিলেজ রাস্তা ১ কি:মি:, মসূয়া কয়রা ০.৬৫০ কি:মি:, চরআলগী দক্ষিণপাড়া রাজাকার সড়ক ১.১৮০ কি:মি:। এ রাস্তাগুলো সময়মত টেন্ডার না হলে কিংবা সময়মত কাজ শুরু করতে না পারলে সমুদয় অর্থই ফেরত যাবে বলে এলাকাবাসী এ নিয়ে শংকিত। এছাড়া ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের দু’পাশে মাটি নেই। মহাসড়ক মাটি থেকে উঁচু নিচু হওয়ায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে। কটিয়াদী উপজেলা প্রকৌশলী মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, রাস্তা নির্মাণের জন্য টেন্ডারের প্রক্রিয়া চলছে। কিশোরগঞ্জ-২, সংসদ সদস্য প্রফেসর ডা:এমএ মান্নান বলেন, কটিয়াদী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে রাস্তাঘাট পর্যায়ক্রমে পাকা করণ ও মাটি ভরাটের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে।