মির্জাপুরে জমি দখলের
চেষ্টায় মূর্তি ভাংচুর
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ০৩ মার্চ ২০১৩, ২০:১২
মির্জাপুরে চৈত্র সংক্রান্তি পূজা মণ্ডপের মূর্তি ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা । পূজারিরা অভিযোগ করেছেন, মন্দিরের প্রায় ৮০ শতাংশ জমি দখল করার জন্য এলাকার একটি সন্ত্রাসীমহল এই ঘটনা ঘটিয়েছে। মূর্তি ভেঙ্গে দেয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকার হিন্দু সমপ্রদায়দের মধ্যে আতংক বিরাজ করছে। গত শুক্রবার রাতে মির্জাপুর ও দেলদুয়ার উপজেলার সীমান্তবর্তী এলাকা মাঝালিয়া মৈষ্টা গ্রামে এ মূর্তি ভাংচুরের ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও অভিযুক্তদের গ্রেফতার না করায় পূজারিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, মাঝালিয়া, বড় মৈষ্টা, আড় মৈষ্টা, কইটোলা এবং ধানকি গ্রামের শত শত হিন্দু সমপ্রদায় এবং পূজারি এখানে কালী, মনসা, দুর্গা পূজা এবং চৈত্র সংক্রান্তিতে ঘটা করে পূজা করে আসছে। মন্দিরকে ঘিরে রয়েছে প্রায় ৮০ শতাংশ জমি । এই জমিতে বিভিন্ন ফসল এবং গাছ লাগিয়ে যা আয় হয় তা দিয়ে পুরোহিতের বেতন এবং পূজার খরচ বহন করা হয়ে থাকে।
এই জমি দখল করার জন্য মাঝালিয়া ও মৈষ্টা এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জহিরউদ্দিন, দারগ আলীর ছেলে দুলাল খান ও হূদয় খানসহ ১০/১২জন মিলে জবর দখলের চেষ্টা করে আসছে। ঐ বাহিনী এলাকার হিন্দুদের নানা ভাবে ভয়ভীতি দেখিয়ে ইতিমধ্যে মন্দির এলাকার জমিতে বিভিন্ন গাছের চারা রোপণ করেছে বলে এলাকার লোকজন অভিযোগ করেন। ইতিপূর্বেও ঐ বাহিনী এলাকার কয়েকজন হিন্দুদের উপর আক্রমণ চালায়। এলাকার লোকজন মূর্তি ভাঙচুরকারীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ।