কক্সবাজার ও সাতকানিয়ায় ৩৯টি বাড়ি পুড়ে ছাই

কক্সবাজার শহরের বিমানবন্দর সংলগ্ন সেন্ট্রাল ফিশারী এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ পরিবারের ১২টি বাড়ি পুড়ে নগদ টাকা, স্বর্ণালংকারসহ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। জানা গেছে, সন্ধ্যায় ফাতেমার বাড়ি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এসময় একে একে পুড়ে যায় মোহাম্মদ শফির বাড়ি, করিমউল্লাহর বাড়ি, কামালের বাড়ি, আনোয়ার হোসেনের বাড়ি, কুলছুমা বেগমের বাড়ি, আক্কেল আলীর বাড়ি, জলা আহমদের বাড়ি, মোহাম্মদ ছিদ্দিকের বাড়ি, আব্দুস শুক্কুরের বাড়ি, জসিমের বাড়ি ও ছালেহ আহমদের বাড়ি। সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ১৪টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। উক্ত অগ্নিকাণ্ডে আনুমানিক ৭০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। গত ২ মার্চ রাতে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল এলাকার গুরুনি বাপের পাড়ার মোহাম্মদ শফির রান্নাঘরের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে আগুন ছড়িয়ে পড়ে।