সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেলে হামলা ভাংচুর

সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় প্যারাডাইস নামে একটি আবাসিক হোটেলে স্থানীয় বাসিন্দারা হামলা ও ভাংচুর চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকায় মারধর করে ৮ পতিতা ও ২ খদ্দরকে আটক করে পুলিশে তুলে দিয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার। জানা যায়, শিমরাইলের প্যারাডাইস আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে অসামাজিক কর্মকাণ্ড চলে আসছিল। এতে স্থানীয় বাসিন্দারা দিন দিন ক্ষুব্ধ হতে থাকে। রবিবার বেলা ১১টায় স্থানীয় বাসিন্দারা আকস্মিকভাবে হোটেলে হামলা চালায় এবং আসবাবপত্র ভাংচুর করে। এ সময় তারা অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে রুপা (২৫), জয়া (১৮), পপি (১৮), রেশমা (১৯), রিয়া (২০), সাদিয়া (১৯), নূপুর (২০), সোনিয়া (১৭) নামে ৮ পতিতা ও অনিক (২০) ও সোহেল (১৮) নামে দুই খদ্দেরকে মারধর করে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসিসহ অতিরিক্ত পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয় লোকজন জানায়, পূর্বে বহুবার একই আবাসিক হোটেল থেকে পতিতাসহ খদ্দের গ্রেফতার করা হয়েছিল। সিদ্ধিরগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই ফারাহ খান দিবা জানায়, প্যারাডাইস হোটেল থেকে ৮ পতিতা ও ২ খদ্দেরকে গ্রেফতার করা হয়েছে।