সংবাদ সংক্ষেপ
প্রকাশ : ০৩ মার্চ ২০১৩, ২০:১৬
মধুখালীতে শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদের সম্মেলন
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা \ শনিবার ফরিদপুরের মধুখালীতে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদের ২০তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার জাহাপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সম্মেলনে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ গুহর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মঞ্জু।
মেলান্দহে মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভা
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা \ জামালপুরের মেলান্দহে মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভা শনিবার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের হুইপ মির্জা আজম এমপি প্রধান অতিথির বক্তব্য রাখেন। মহিলা আওয়ামী লীগের সভানেত্রী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক শফিক জাহেদী রবিন।
নাগেশ্বরীতে রেনেসাঁ ট্যালেন্ট পাবলিক স্কুল উদ্বোধন
নাগেশ্বরী সংবাদদাতা \ নাগেশ্বরীতে রেনেসাঁ ট্যালেন্ট পাবলিক স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার স্কুলের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় অতিরিক্ত কমিশনার নারায়ণ চন্দ্র বর্মা। কলেজ মোড়ে স্কুল মাঠে পৌর মেয়র আব্দুর রহমান মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোল্লা মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর সরকার, নাগেশ্বরী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাহেদুল ইসলাম।
মুন্সীগঞ্জে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন
মুন্সীগঞ্জ প্রতিনিধি \ শনিবার সিরাজদিখান উপজেলার পাউশিয়ার ইছামতি নদীর উপর ৬৫ মিটার দীর্ঘ সেতুর অনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সাংসদ বাবু সুকুমার রঞ্জন ঘোষ এমপি।
তাড়াইলে দু’গ্রুপে সংঘর্ষে নিহত ১, আহত ২৫
কিশোরগঞ্জ প্রতিনিধি \ তাড়াইল উপজেলার দিগদাইর গ্রামে শনিবার বিকালে দু’গ্রুপের সংঘর্ষের সময় বল্লমের আঘাতে জামাল (৮) নিহত ও উভয়পক্ষে অন্তত ২৫জন আহত হয়। বর্তমান মেম্বার মুকুল ও সাবেক মেম্বার আশক আলীর মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্যকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল।
মাদারীপুরে স্ত্রীর পায়ের রগ কেটে দিয়েছে স্বামী
মাদারীপুর প্রতিনিধি \ সদর উপজেলার পেয়ারপুর গ্রামের গৃহবধূ সেলিনা বেগমের (৩৮) পায়ের রগ কেটে দিয়েছে তার স্বামী জুলহাস বেপারী। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে। সংকটাপন্ন অবস্থায় ৪ সন্তানের জননী উক্ত গৃহবধূকে শনিবার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উজিরপুরে কেজি মূল্যে সরকারি বই
বরিশাল অফিস \ উজিরপুরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৭৩ বান্ডিল সরকারি বই আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেনের নির্দেশে ধামুরা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে বইয়ের বান্ডিলগুলো আটক করে। ধামুরা ক্যাম্পের ইনচার্জ আ. রাজ্জাক জানান- বন্দরের ভাঙ্গারী ব্যবসায়ী খোরশেদ আলমের গুদাম থেকে ২০১১-২০১২ সালের পুরোনো বই উদ্ধার করা হ্য়।
গোমস্তাপুরে কৃষকের মাঝে স্প্রে মেশিন বিতরণ
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়নে প্রান্তিক কৃষকদের মাঝে ৪০টি স্প্রে মেশিন বিতরণ করা হয়। সমতা নারী কল্যাণ সংস্থা শরিক প্রকল্পের অর্থায়নে শনিবার ইউপি চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এসব বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বিদ্যুত্। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মুখলেসুর রহমান।
চান্দেরচরে মহানামযজ্ঞানুষ্ঠান
শিবচর (মাদারীপুর) সংবাদদাতা \ মাদারীপুরের শিবচর উপজেলার চান্দেরচর শ্রী শ্রী সিদ্ধেশ্বরী সেবাশ্রমে মহাসমারোহে দেশমাতৃকা বিশ্বজননীর সকল জীবের শান্তি ও মঙ্গল কামনায় ১১তম বার্ষিকী ও ৫৬ প্রহরব্যাপী ৭ দিনব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান পালিত হচ্ছে। ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ৪ মার্চ পর্যন্ত।
বুড়িচংয়ে চেয়ারম্যান-মেম্বার ও সচিবদের প্রশিক্ষণ
কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লা বুড়িচংয়ে দ্বিতীয় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-২)-এর আওতায় উপজেলার বাকশীমুল, রাজাপুর, পীরযাত্রাপুর ও ষোলনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও সচিবদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শনিবার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন।
জীবননগর ওয়েলডিং মালিক সমিতির কমিটি
জীবননগর সংবাদদাতা \ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা ওয়েলডিং দোকান মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার ১৫ সদস্যবিশিষ্ট দ্বিবার্ষিক কমিটিতে আব্দুর রহমান সভাপতি ও ইনতাজ আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
করিমগঞ্জে ৩২ প্রহরব্যাপী হরিনাম সংকীর্ত্তণ
করিমগঞ্জ(কিশোরগঞ্জ) সংবাদদাতা \
শনিবার করিমগঞ্জ পৌরসভার মোদকপাড়া শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে শুরু হয়েছে ৩২ প্রহরব্যাপী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তণ ও মহোত্সব। ৬ মার্চ বুধবার পর্যন্ত চলবে এ উত্সব। দেশের বিভিন্ন জেলার ৬টি দল এখানে কীর্ত্তণ পরিবেশন করবেন।
ভালুকায় বনের জমিতে ভবন নির্মাণের অভিযোগ
ভালুকা সংবাদদাতা \ মফিজউদ্দিন নামে এক প্রভাবশালী ব্যক্তি স্থানীয় বন বিভাগের লোকজনের সহায়তায় ভালুকা উপজেলার ধামশুর মৌজার বন বিজ্ঞপ্তিত ১২১৭ দাগের প্রায় এক একর জায়গা দখল করে তাতে বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করছেন বলে অভিযোগ উঠেছে ।
মফিজউদ্দিন জানান, প্রায় ৪০ বছর যাবত্ তারা ওই জমিতে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছে।
রায়পুরায় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সম্মেলন
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম তিন ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও আলোচনা সভা শনিবার তুলাতলী বাজার সংলগ্ন উপজেলা প্রজন্ম কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নগুলো হলো- অলিপুরা, চান্দেরকান্দি ও উত্তরবাখরনগর।
রায়পুরা ডিগ্রী কলেজে পুরস্কার বিতরণ
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ রায়পুরা ডিগ্রী কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী শনিবার কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রহমতউল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এড. ইউনূছ আলী ভুঁইয়া। উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোসলেহউদ্দিন, একেএম ফিরোজ, নূরুল করিম, মাহবুব আলম শাহীন, ডাঃ মোঃ মোগল হোসেন, আমজাদ হোসেন, আব্দুল হামিদ, আরেফা ফেরদৌস চন্দনা, সাইফুন নাহার প্রমুখ।
দেবীগঞ্জে স্কুলে পুরস্কার বিতরণ
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা \ দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ত্রুীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান রবিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সভাপতি বাবু পরিমল দে সরকারের সভাপতিত্বে বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক বক্তব্য রাখেন।
কোটালীপাড়ায় যৌতুক প্রতিরোধে আইনি সভা
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় যৌতুক প্রতিরোধে আইনি সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার উপজেলার রাজাপুর আদর্শ গ্রামের রিসোর্স সেন্টারে বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় জাগরণী সংস্থার আয়োজনে যৌতুক প্রতিরোধে আইনি সভা অনুষ্ঠিত হয় । সভায় বক্তব্য রাখেন জাগরণী সংস্থার পরিচালক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেনুকা বিশ্বাস।
মীর্জাগঞ্জে গাঁজা সেবন ও বহনের দায়ে কারাদণ্ড
মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা \ গত শনিবার রাতে মীর্জাগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ২ কিশোরকে গাঁজা সেবন ও বহনের দায়ে এক মাসের কারাদণ্ড দিয়েছে। মীর্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত দুই কিশোর হচ্ছে- মোঃ ছাব্বির আহমেদ (১৬) ও মোঃ জুয়েল (১৫)।
টঙ্গীতে মাদক ও অস্ত্রসহ আটক ৬
টঙ্গী সংবাদদাতা \ গত শনিবার রাতে টঙ্গীর উত্তর আরিচপুর এলাকায় র্যাব-১ এর সদস্যরা অভিযান চালিয়ে ফেন্সিডিল ও গুলিভর্তি একটি বিদেশি পিস্তলসহ ৬জনকে আটক করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর সদস্যরা উত্তর আরিচপুর জামালউদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসী হাফিজুর রহমান ভুট্টু (২১) ও তার সহযোগী শিপন ইসলাম (১৮), ইস্রাফিল (১৮), রাজিব (১৯), জাহিদুল (১৮) ও আব্দুর রহমান রায়হান (১৯) কে ১২ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল ও ১২ বোতল ফেন্সিডিলসহ আটক করে টঙ্গী মডেল থানায় স্থানান্তর করে।
রায়গঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা\ জামায়াতকে প্রতিহত করতে রায়গঞ্জে আ’লীগের বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল রবিবার রায়গঞ্জ উপজেলা আ’লীগ, যুবলীগ. কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠন ঢাকা-বগুড়া মহাসড়কে চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল বের করে।
গোয়ালন্দে পিস্তলের গুলিসহ গ্রেপ্তার তিন
গোয়ালন্দ সংবাদদাতা \ শনিবার রাতে গোয়ালন্দ থানা পুলিশ দৌলতদিয়া ফেরিঘাট থেকে ৩০রাউন্ড পিস্তলের গুলিসহ ৩জনকে গ্রেপ্তার করেছে। তারা হচ্ছে পাবনার ভাঙ্গুরা উপজেলার চৌবাড়িয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে শরিফ হোসেন(২৬), নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার বরপা গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে জিল্লুর রহমান(২৬) ও কুমিল্লার তিতাস উপজেলার স্বরসতি গ্রামের মৃত কালাম শেখের ছেলে সাইফুল ইসলাম(৩৩)।
পাংশা-কালুখালীতে অস্ত্র ও গুলি উদ্ধার
পাংশা (রাজবাড়ী) সংবাদদাতা \ রাজবাড়ীর পাংশা-কালুখালী থানা-পুলিশের বিশেষ অভিযানে শনিবার মধ্যরাতে বিপুল অস্ত্র ও গুলি,চাপাতি,চাইনিজ কুড়াল, লোহার পাইপসহ ২জনকে গ্রেফতার করেছে থানা-পুলিশ। কালুখালী উপজেলার চর নারায়ণপুর গ্রাম থেকে ১টি দেশীয় তৈরি পিস্তল, ১টি দেশীয় বন্দুক, ৫রাউন্ড কার্তুজ, ১রাউন্ড রাইফেলে গুলিসহ নিজ বাড়ি থেকে নান্নু মুন্সি নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করে।