আগামী বাজেটের জন্য প্রস্তাব চেয়েছে এনবিআর

আগামী ২০১৩-১৪ অর্থবছরের বাজেটের কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছে বাজেট প্রণয়নের দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ জন্য বিভিন্ন শিল্প ও বণিক সমিতি, চেম্বার, ট্রেড অ্যাসোসিয়েশন, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে প্রস্তাবনা চাওয়া হয়েছে। এছাড়া এসব প্রতিষ্ঠানের সাথে যথারীতি প্রাক-বাজেট আলোচনায় বসবে প্রতিষ্ঠানটি। বিভিন্ন চেম্বার ও সমিতিকে তাদের প্রস্তাব এফবিসিসিআইতে তাদের প্রস্তাব জমা দিতে বলা হয়েছে। এফবিসিসিআই এসব প্রস্তাব এনবিআরে পাঠাবে। আর যে সব প্রতিষ্ঠান এফবিসিসিআইয়ের সদস্য নয় তারা সরাসরি এনবিআরে তাদের প্রস্তাব পাঠাবেন। চলতি বছর বাজেট প্রণয়নের জন্য এনবিআরের প্রথম সচিব (ভ্যাট) আল আমিন প্রামাণিককে প্রধান সমন্বয়কারী করে ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। তার কাছে ই মেইলে (pramanik.alamin@yahoo.com) বাজেট সংক্রান্ত যে কোন প্রস্তাব পাঠানো যাবে। তবে বাজেট আলোচনা কবে থেকে শুরু হচ্ছে এ বিষয়ে এখনো সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা না করলেও আগামী এপ্রিলের আগে এ আলোচনা শুরু হচ্ছে না। গতকাল প্রধান বাজেট সমন্বয়কারী আল আমিন প্রামাণিকের সাথে যোগাযোগ করা হলে ইত্তেফাককে তিনি বলেন, আগামী এপ্রিলের শুরুর দিকে ২০১৩-১৪ অর্থবছরের বাজেট আলোচনা শুরু হতে পারে। তবে বাজেট সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে।