পাকিস্তানে সন্ত্রাসী হামলার চার বছর
প্রকাশ : ০৩ মার্চ ২০১৩, ২০:৫৪
পাকিস্তানে শ্রীলঙ্কা দলের উপর সেই ভয়াবহ সন্ত্রাসী হামলার চার বছর পেরিয়ে গেল গতকাল। আন্তর্জাতিক ক্রিকেট বিহীন চারটি বছর পাড় করলো পাকিস্তানও।
টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান-শ্রীলঙ্ক দুই দলই ছিল তখন দেশটির পূর্বাঞ্চলীয় শহর লাহোরে। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলার জন্য লঙ্কানরা হোটেল থেকে গাদ্দাফি স্টেডিয়ামের দিকে যাচ্ছিলেন তখন হঠাত্ করে টিম বাসে আক্রমণ করে একদল অস্ত্রধারী। তাদের ছোঁড়া গুলি এবং গ্রেনেডের আঘাতে ঘটনাস্থলে প্রাণ হারান আটজন। গুরুতর আহত হন থিলান সামারাবিরাসহ আরো বেশ কয়েকজন খেলোয়াড়।
এই ঘটনার পরপরই সিরিজ বাতিল করে দেশ ছাড়ে মাহেলা জয়াবর্ধনের দল। নিরাপত্তার কারণে অন্য কোন দেশ এরপরে পাকিস্তানে খেলতে যাওয়ার চিন্তাই করেনি। পাকিস্তান বোর্ডের নানা প্রস্তাব আর অনুরোধকে পায়ে ঠেলে সবাই বর্জন করে পাকিস্তান সফর। ফলে নিজেদের হোম সিরিজগুলো পাকিস্তানকে খেলতে হয় সংযুক্ত আরব আমিরাতে। সে সময় এক সাক্ষাত্কারে আইসিসির সাবেক প্রেসিডেন্ট এহসান মানি বলেন, ‘লাহোরে আসলে কি ঘটেছে সে সম্পর্কে উপযুক্ত তদন্ত ছাড়া কোন আন্তর্জাতিক দলই পাকিস্তান সফরে যাবে না।’
দেশে আন্তর্জাতিক ক্রিকেটকে ফিরিয়ে আনার লক্ষ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের নেয়া কোন কর্মসূচিই এখনো পর্যন্ত আসল লক্ষ্য অর্জন করতে পারেনি। আন্তর্জাতিক ক্রিকেটারদের নিয়ে একটা ঘরোয়া টি-টোয়েন্টি লিগ আয়োজনের চেষ্টাও এখনো পর্যন্ত আলোর মুখ দেখেনি।
তবে আশা হারাচ্ছেন না দেশটির সাবেক এবং বর্তমান খেলোয়াড়রা। জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং উইকেটরক্ষক রশিদ লতীফ আশা করছেন আগামী মে মাসের জাতীয় নির্বাচনের পরে দেশের রাজনৈতিক অবস্থা স্থিতিশীল হয়ে আসবে।
তবে এখনো পর্যন্ত মনে হচ্ছে পিসিবির আশাবাদে খুব একটা কাজ হচ্ছে না। কারণ দক্ষিণ আফ্রিকা এর মধ্যে ঘোষণা করেছে আগামী নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতেই পাকিস্তানের হোম সিরিজটি খেলবে তারা।