‘মানুষই আমার কবিতার প্রাণ’

আসাদ চৌধুরীর জন্মদিন উদযাপন

ইত্তেফাক রিপোর্ট

ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন কবি আসাদ চৌধুরী। জন্মদিনের আয়োজনে বাংলা সাহিত্যের বরেণ্য কবি আসাদ চৌধুরীকে সবাই তাদের উষ্ণ অভিনন্দন জানালেন। কবি পাঠক ও ভক্তদের জানালেন ভালোবাসা। তার জীবন ও কর্ম নিয়ে কথা বললেন বিশিষ্টজনরা। কবি আসাদ চৌধুরীর ‘পঁচাত্তর জয়ন্তী’ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় শনিবার। প্রদান করা হয় সংবর্ধনা।

অনুভূতি ব্যক্ত করে আসাদ চৌধুরী বলেন, আমি মানুষের জন্য কবিতা লিখি। তাই মানুষই আমার কবিতার প্রাণ।

গতকাল বিকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে কবি আসাদ চৌধুরী সংবর্ধনা পর্ষদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মুহাম্মদ সামাদ। স্বাগত বক্তব্য দেন কবি আসাদ চৌধুরী সংবর্ধনা পর্ষদের আহ্বায়ক ও বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ফোকলোরবিদ শামসুজ্জামান খান। ধন্যবাদ জ্ঞাপন করেন সংবর্ধনা পর্ষদের সচিব বাদল চৌধুরী।   

ফরিদা পারভীনের লালন সংগীত পরিবেশনার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর আসাদ চৌধুরীকে নিবেদিত আলোচনার মাঝে বাংলা একাডেমি, জাতীয় জাদুঘর, জাতীয় কবিতা পরিষদসহ বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান এবং বিশিষ্টজন ফুলেল ভালোবাসা জানায় কবিকে।