পিছিয়ে যাচ্ছে প্রিমিয়ার ক্রিকেট লিগ

এ মৌসুমের প্রিমিয়ার ক্রিকেট লিগ পিছিয়ে যাচ্ছে। খেলোয়াড় সংকট এবং রাজনৈতিক অস্থিরতার কারণে প্রিমিয়ারে খেলা বারোটি দল চাচ্ছে এই মৌসুমের প্রিমিয়ার ক্রিকেট একটু দেরি করে খেলতে। ইতোমধ্যে বারোটি ক্লাবের মধ্যে আটটি ক্লাব লিখিতভাবেই দেরিতে প্রিমিয়ার ক্রিকেট শুরু করার প্রস্তাব দিয়েছে। যদিও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম) ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। আজ সোমবার বিসিবির সভায় প্রিমিয়ার ক্রিকেট নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান জালাল ইউনুস। সিসিডিএমের প্রস্তাব অনুযায়ী আগামী ৭/৮ মার্চ প্রিমিয়ারের দলবদল হওয়ার কথা ছিল। যদিও সেটি বোর্ডের অনুমোদনের অপেক্ষায় ছিল। কিন্তু খেলোয়াড় সংকটের কারণে সে প্রস্তাবনা আর এগোয়নি। শ্রীলংকা সফরের স্কোয়াডে থাকা জাতীয় দলের ২৫ জন খেলোয়াড়কে প্রিমিয়ার না খেলার জন্য ইতোমধ্যে নির্বাচক কমিটি বোর্ড সভাপতির কাছে চিঠি দিয়েছে। আবার এপ্রিলে অনূর্ধ্ব-১৯ দলের খেলাও রয়েছে। এমতাবস্থায় কাদের দিয়ে দল সাজাবে ক্লাবগুলো? এমন সংকটের কারণে ক্লাবগুলো এই মুহূর্তে প্রিমিয়ার ক্রিকেট খেলতে চাচ্ছে না। সিসিডিএম চেয়ারম্যান বলেন, ‘আমরা বোর্ডে এটা নিয়ে আলোচনা করবো। ক্লাবগুলো আবেদন করেছে। আবার প্রিমিয়ার খেলার জন্য খেলোয়াড় নেই। আমরা চিন্তা ভাবনা করে পরে সিদ্ধান্ত নিব’। প্রস্তাব অনুযায়ী ১৫ মার্চ প্রিমিয়ার ক্রিকেট শুরু হওয়ার কথা থাকলেও সেটি সম্ভব হচ্ছে না বলেই জানালেন সিসিডিএম চেয়ারম্যান। প্রিমিয়ার ক্রিকেট পিছিয়ে দেয়া হলেও সেটি এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে শুরু করার ইচ্ছা সিসিডিএমের।