স্বাধীন বাংলা দলের ফুটবলার সিরু আর নেই
প্রকাশ : ০৩ মার্চ ২০১৩, ২০:৫৯
স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় দেওয়ান মোঃ সিরাজ উদ্দিন সিরু (৬২) পক্ষাঘাতগ্রস্ত হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী অবস্থায় চিকিত্সাধীন থাকার পর গতকাল রবিবার ভোরে রাজধানীর মালিবাগস্থ গুলবাগের বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্রসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আসর নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মাতুয়াইল গোরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা ফুটবল দলের নিয়মিত সদস্য সিরু ১৯৬২ থেকে ১৯৭৬ পর্যন্ত ঢাকা প্রথম বিভাগ ফুটবল লিগে ইস্ট এন্ড ক্লাব ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের স্টপার হিসেবে দাপটের সাথে খেলেন। তাঁর মৃত্যুতে সোনালী অতীত ক্লাব গভীর শোক প্রকাশ করে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি
বিএসজেএ ও বিএসপি’র শোক
ফুটবলার দেওয়ান মো. সিরাজউদ্দিন সিরুর মৃত্যুতে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশন (বিএসজেএ) ও বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি গভীর শোক প্রকাশ করেছে। উভয় সংগঠনের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।