মেক্সিকো ওপেন নাদালের

ডেভিড ফেরারকে উড়িয়ে দিয়ে মেক্সিকান ওপেনের শিরোপা জিতলেন রাফায়েল নাদাল। টুর্নামেন্টের ফাইনালে গত শনিবার তিনি ৬-০, ৬-২ গেমে হারান তার স্বদেশিকে। টুর্নামেন্টের শীর্ষ বাছাই ফেরার ফাইনালে নেমেছিলেন ফেভারিট হিসেবেই। ইনজুরি কাটিয়ে দীর্ঘবিরতির পরে কোর্টে ফিরে নাদাল এখনো ফিরতে পারেননি তার চিরচেনা আগ্রাসী রূপে। তাছাড় গত কয়েক বছর ধরে এই টুর্নামেন্টটাকে ফেরার তার ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে ফেলেছিলেন বললেও ভুল হবে না। কারণ টুর্নামেন্টের গত তিনটি আসরের শিরোপাই জয় করেছিলেন তিনি। মেক্সিকো ওপেনে তার ছিল টানা ঊনিশ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও। কিন্তু শেষ পর্যন্ত এসব পরিসংখ্যানের কিছুই কাজে আসলো না। সরাসরি সেটেই তাকে পরাজিত করলেন নাদাল। এরকম অনায়াস জয়ে অবাক নাদালও। ম্যাচশেষে টুর্নামেন্টের নতুন চ্যাম্পিয়ন বলেন,‘আমি এখানে বিশ্বের অন্যতম সেরা একজন খেলোয়াড়ের বিরুদ্ধেই খেলেছি। ক্লে কোর্টে তার পারফরম্যান্সও অসাধারণ। তবে (কোর্টে) তাকে আজ (শনিবার) অচেনা মনে হচ্ছিল। তার জন্য এটি ছিল খারাপ একটা দিন।’ তবে এমন একটা জয়ের পরে উচ্ছ্বাস লুকাতে পারেননি সাবেক বিশ্বসেরা খেলোয়াড়টি। স্বীকার করেছেন টেনিসের সর্বোচ্চ পর্যায়ে এমন দিন খুব কমই আসে যেদিন সবকিছুই ঘটে নিজের ইচ্ছামতো। নাদাল বলেন,‘আজ আমি কোন ভুলই করিনি। ম্যাচটা আমার জন্য অসাধারণ ছিল। বলা যায় প্রায় নিখুঁত। আমি কখনো চিন্তাও করিনি এই পর্যায়ে আমার পক্ষে কখনো এমন পারফরম্যান্স দেখানো সম্ভব হবে। আমি খুশি মনেই মেক্সিকো ছাড়ছি। তবে আমি বিস্মিতও বটে।’ হাঁটুর ইনজুরির কারণে সাত মাস কোর্টের বাইরে কাটানোর পরে গত মাসে ব্রাজিল ওপেনে দীর্ষদিন পর আবারো শিরোপার স্বাদ পান নাদাল। মেক্সিকো থেকে নাদাল এখন উড়ে যাবেন নিউইয়র্কের ম্যাডিসন স্কোয়্যার গার্ডেনে। সেখানে একটি প্রদর্শনী ভ্রমণ শেষে অংশ নেবেন ইন্ডিয়ান ওয়েলস ওপেনে। সেখানে হয়তো শক্ত একটা প্রতিদ্বন্দ্বিতাই অপেক্ষা করছে তার জন্য। নাদালও মুখিয়ে আছেন বড় টুর্নামেন্টে তার চোটগ্রস্ত হাঁটু কতটা ভার বহন করতে পারে তা পরীক্ষার জন্য। মেক্সিকোতে ক্যারিয়ারের ৩৮তম শিরোপা জয়ের পরে আশাবাদী নাদাল বলেন,‘ইন্ডিয়ান ওয়েলস আমার অন্যতম ফেভারিট একটা টুর্নামেন্ট। আমি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। কারণ আমার হাঁটুর অবস্থার উন্নতি হচ্ছে এবং আমার মন বলছে আমি পারব। আর এখন আমি সবসময় যে কাজটা করতে চাই সেটা হচ্ছে বেশী বেশী প্রতিদ্বন্দ্বিতা করা।’ মেক্সিকোর টেনিসপ্রেমীরা একপেশে এক ফাইনাল দেখে মহিলা এককেও। সেখানে সারা এরানি ৬-০,৬-৪ গেমে উড়িয়ে দিয়েছেন কার্লা সুয়ারেজ নাভারোকে। ম্যাচের ফলাফলই বলে দিচ্ছে স্প্যানিশ প্রতিপক্ষকে হারাতে এতটুকুও বেগ পেতে হয়নি ইতালিয়ান এরানির।