দুবাইয়ে শিরোপা ধরে রাখলেন জোকোভিচ
প্রকাশ : ০৩ মার্চ ২০১৩, ২১:০২
বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ দুবাই ওপেনের শিরোপা ধরে রাখলেন। টুর্নামেন্টের ফাইনালে গত শনিবার তিনি ৭-৫, ৬-৩ গেমে হারান টমাস বার্ডিচকে।
পুরো টুর্নামেন্টে মাত্র একবার বড় চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া জোকোভিচ ফাইনালেও ছিলেন পরিষ্কার ফেভারিট। এই টুর্নামেন্টের গত পাঁচ আসরের চারটিতেই জেতা এই সার্বিয়ান মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানেও অনেকটা এগিয়ে বার্ডিচের বিরুদ্ধে। দু’জনের সর্বশেষ ১৪ সাক্ষাতে ১৩ বারই জয় নিয়ে ফিরেছেন ‘জোকার’। ম্যাচ শেষে অবশ্য বার্ডিচের প্রশংসাই ঝরেছে সার্বিয়ান তারকার মুখে। তিনি বলেন, ‘আমাদের দু’জনের জন্যই এটা ছিল দারুণ কঠিন একটা ফাইনাল। টমাস (বার্ডিচ) দারুণ একজন খেলোয়াড়। সে গত বেশ কিছু টুর্নামেন্টেই দারুণ খেলেছে এবং একজন গ্রান্ড স্ল্যাম ফাইনালিস্টও বটে। আমি ভাগ্যবান বলেই হয়তো আজ উের যেতে পেরেছি।’
দুর্দান্ত পাওয়ার টেনিসের প্রদর্শনী দেখিয়ে প্রথম সেটে এগিয়ে গিয়েছিলেন শেষ চারে ফেদেরারকে পরাজিত করা বার্ডিচ। দারুণ গতির সব সার্ভিসে জোকোভিচকে বিপর্যস্ত করে দিয়ে এক পর্যায়ে সেটে তিনি এগিয়েও গিয়েছিলেন ৪-২ ব্যবধানে। তবে এরপরেই এলোমেলো সব শটে পয়েন্ট হারাতে থাকেন এই চেক। এই সুযোগে এগিয়ে যেতে থাকেন জোকোভিচ। তিনটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে জোকোভিচ সেটকে টেনে নিয়ে আসেন ৫-৪ অবস্থায়। এরপরে বার্ডিচের সার্ভে পয়েন্ট তুলে নিয়ে শেষ পর্যন্ত সেটটি জিতে নেন তিনি।
ম্যাচের শেষে এ সম্পর্কে তিনি বলেন, ‘ঐ অবস্থায় আমি শুধু ম্যাচে টিকে থাকতে চেয়েছি। আমি আমার সুযোগের জন্য অপেক্ষা করেছি এবং সুযোগ পাওয়া মাত্র কাজে লাগিয়েছি।’
এরপরে দ্বিতীয় সেটেও দারুণ প্রতিদ্বন্দ্ব্বিতা গড়ে তোলেন বার্ডিচ। তবে নিজের সার্ভে পয়েন্ট খোয়ানোর মাসুল গুণতে হয় তাকে। ম্যাচের নবম গেমে জোকোভিচের ট্রেডমার্ক ফোরহ্যান্ড বার্ডিচকে ফাঁকি দিলে নিশ্চিত হয়ে যায় গত আসরের মতো এবারো শিরোপা হাতেই দেশে ফিরছেন তিনি।