নারায়ণগঞ্জে যুবদলের দু’গ্রুপের সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা

নারায়ণগঞ্জ শহরে ফতুল্লা থানা বিএনপি’র সহ-সভাপতি ও কতুবপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম সেন্টু ও নির্বাচনে পরাজিত নজরুল ইসলাম পান্না গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। সেন্টু ও পান্না মোল্লা বাদী হয়ে একে অন্যকে প্রধান আসামি করে মামলা করেন। শনিবার বিকেলে শহরে সংঘর্ষের ঘটনার পর রাতেই নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দুটি দায়ের হয়। মনিরুল আলম সেন্টু মামলায় অভিযোগ করেন, শনিবার বিকেলে তিনি শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে দলের একটি কর্মসূচিতে উপস্থিত হন। এর কিছু সময় পর নজরুল ইসলাম পান্না মোল্লা ও তার লোকজন সেন্টুর ব্যবহূত প্রাইভেটকারটি উকিলপাড়া এলাকায় পেয়ে ভাংচুর করে। মামলায় পান্না মোল্লাকে প্রধান আসামি করা হয়। অন্য আসামিরা হলেন: মনু মেম্বার, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক একরামুল কবির মামুন, রানা, আকবার, আবু তাহের মোল্লাসহ অজ্ঞাতনামা আরো ৩০-৩৫ জন। অন্যদিকে পান্না মোল্লা বাদী হয়ে মনিরুল ইসলাম সেন্টুকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন: ফতুল্লা থানা যুবদলের সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, ইসমাইল, নজরুল ইসলাম, মুকুল, কালামসহ অজ্ঞাতনামা ১০-১২জন। আরো মামলায় পান্না মোল্লা অভিযোগ করেন, তিনি শনিবার বিকেলে বিএনপি’র কার্যালয়ের সামনে কর্মসূচিতে আসলে বিবাদীরা হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম করে।